মানিকগঞ্জের সিঙ্গাইরে জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই নজরুল খন্দকার (৬২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার বিকেল ৩টার দিকে সিঙ্গাইর পৌরসভার গোলড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল খন্দকার স্থানীয় মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার এবং ভাতিজাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য ঘটনার দিন স্থানীয় মুরুব্বিরা উভয় পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেন। তবে বৈঠক চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
অভিযোগ রয়েছে, এ সময় ছোট ভাইয়ের লোকজন নজরুল খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে পড়ে যান। একই সঙ্গে তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎিসক নজরুল খন্দকারকে উন্নত চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নজরুল খন্দকারের মৃত্যু হয়।
এ বিষয়ে সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
মাদারীপুর : মাদারীপুরের ডাসার উপজেলায় জমি মাপাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার খাতিয়াল ইউনিয়নের বালিগ্রাম, ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মোফাজ্জুল সরদার (৭৬), ইমরান সরদার (২২), সাথী বেগম (২০), নুর ইসলাম সরদার (৫০), মারুফ হোসেন (১৮), হোসনেয়ারা বেগম (৩২), পাপিয়া বেগম (৩০) ও সুফিয়া আক্তার (২২)। তারা সবাই মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, মোফাজ্জুল সরদার ও নুর ইসলাম সরদারদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা-জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে গতকাল সকালে বসতবাড়ির পাশের জমিতে মাপজোখকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষই সংঘবদ্ধ হয়ে লাঠি, বাঁশ, ছেনদা ও বেলচাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের ৮ জন গুরুতর আহত হন।
এ বিষয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতাল পুলিশ ইনচার্জ এএসআই আব্দুর রাজ্জাক বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মোট ৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’