শিশুর জন্মের সময় তার মধ্যে কোনো নির্দিষ্ট চরিত্র, চিন্তাধারা বা জীবনদর্শন গড়ে ওঠে না। তার মন থাকে সাদা ক্যানভাসের মতো নির্মল, যেখানে প্রথম রঙ আঁকে তার পরিবার। এই পরিবারই নির্ধারণ করে সে কীভাবে ভাববে, কীভাবে আচরণ করবে এবং ভবিষ্যতে একজন মানুষ হিসেবে নিজেকে কীভাবে গড়ে তুলবে। এই কারণে পরিবার মানবজীবনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে আনুষ্ঠানিক পাঠশালার আগেই একজন মানুষের ভিত্তি গড়ে ওঠে।
পরিবারকে বাইরে থেকে যতই সাধারণ কাঠামো মনে হোক না কেন, বাস্তবে এটি মানুষের জীবনের সবচেয়ে গভীর ও প্রভাবশালী শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম নেই, নেই কোনো আনুষ্ঠানিক পরীক্ষা বা সার্টিফিকেট, তবুও এখান থেকেই একজন মানুষের চরিত্র, চিন্তাধারা, আবেগ ও জীবনদর্শনের ভিত্তি গড়ে ওঠে।
একটি শিশু পৃথিবীতে এসে প্রথমে বই পড়ে না, সে পড়ে মানুষকে। সে শোনে কথা, দেখে আচরণ, অনুভব করে পরিবেশ। এই দেখা, শোনা ও অনুভব করার মধ্য দিয়েই তার অবচেতন মন ধীরে ধীরে গঠিত হতে থাকে। তাই পরিবারে যা ঘটে, তা শুধু মুহূর্তের ঘটনা হিসেবে থেকে যায় না, বরং তা একটি শিশুর ব্যক্তিত্বে স্থায়ী ছাপ ফেলে। আধুনিক মনোবিজ্ঞানও স্বীকার করে, শিশুর প্রাথমিক আচরণগত শিক্ষা তার পারিবারিক পরিবেশ থেকেই সবচেয়ে বেশি প্রভাবিত হয়। ভালোবাসা, নিরাপত্তা, শৃঙ্খলা ও নৈতিকতার উপস্থিতি একটি শিশুকে মানসিকভাবে স্থিতিশীল করে তোলে। ইসলাম পরিবারকে এই দায়িত্বের কেন্দ্রে স্থাপন করেছে। মহান আল্লাহ বলেন, ‘হে ইমানদারগণ! তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুন থেকে রক্ষা করো।’ (সুরা তাহরিম ৬) এই আয়াত শুধু একটি ধর্মীয় নির্দেশনাই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবনদর্শন, যেখানে পরিবারকে বলা হয়েছে নৈতিক, আধ্যাত্মিক ও সামাজিক দায়িত্ব পালন করতে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে।’ (সহিহ বুখারি)
একজন মা যখন ধৈর্য, ভালোবাসা ও আল্লাহভীতির সঙ্গে পরিবার পরিচালনা করেন, তখন সেই আচরণ সন্তানের মনে নরম প্রভাব ফেলে। তার প্রতিদিনের ছোট ছোট কাজ যেমন কষ্টে ধৈর্য ধরা, অন্যকে ক্ষমা করা, কিংবা আল্লাহর ওপর ভরসা রাখা, এসবই সন্তানের জন্য নীরব শিক্ষা হয়ে দাঁড়ায়। একইভাবে একজন বাবা যখন সততা, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতা নিজের জীবনে বাস্তবভাবে ধারণ করেন, তখন সন্তান বুঝে যায়, মানুষের প্রকৃত শক্তি তার কথায় নয়, বরং আচরণে। এই শিক্ষাই তাকে ভবিষ্যতে একজন দায়িত্বশীল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তোলে।
লেখক : শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
