মুন্সীগঞ্জে চার ইটভাটাকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৭ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

পরিবেশ আইন অমান্য করায় মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার চারটি ইটভাটাকে মোট ৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার কুচিয়ামোড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। 

এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে কুচিয়ামোড়া গ্রামের মামুন ব্রিকস ও হামিদ ব্রিকসকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া নাসির ব্রিকসকে ৩ লাখ টাকা এবং বাংলাদেশ কদমতলী ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত