সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, ‘বৈষম্যহীন নবম পে-স্কেল’ দ্রুত গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’। পাশাপাশি ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখারও দাবি জানিয়েছেন তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এতে সভাপতিত্ব করেন মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সমন্বয়ক মো. লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ১১-২০ ফোরামের সমন্বয়ক ও সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান। লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান বলেন, গত ১১ বছর ধরে প্রজাতন্ত্রের কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। এ সময়ে সম্মিলিত মুদ্রাস্ফীতি ১০৮ শতাংশে পৌঁছেছে। ২০১৫ সালের বেতন দিয়ে ২০২৬ সালে কর্মচারীদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই দ্রুত নবম পে-স্কেল বাস্তবায়ন প্রয়োজন।
×
