নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির এক সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। নাম রাহেদ হোসেন মাহেদ (২৩)। তিনি একজন চাকরিচ্যুত সেনা সদস্য। গতকাল শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে জানানো হয়, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগরে বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে রাহেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি মামলার সন্দেহভাজন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, গত ২৩ এপ্রিল পুলিশ সদর দপ্তর থেকে জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এ বিষয়ে তদন্তে পুলিশ জানতে পারে, উগ্রবাদী সংগঠনের সদস্য রাহেদ হোসেন মাহেদ সীমান্ত অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করছেন। এরপর থেকে আমরা সতর্ক অবস্থানে থাকি। এরই মধ্যে সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির গোপন সংবাদ পেয়ে আমরা অভিযানে যাই। আটকের পর যাচাই-বাছাই শেষে ওই ব্যক্তিকে রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করা হয়।
