দাম বাড়বে

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৩৭ এএম

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও ভোক্তাকে সুরক্ষা দিতে যেমন কিছু পণ্যের ওপর থেকে শুল্ক ছাড় দেওয়া হয়েছে তেমনি বিলাসী ও ক্ষতিকর নানা পণ্যের ওপর শুল্ক বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজটে। এ তালিকায় রয়েছে সিগারেট, বিলাসবহুল গাড়ি, কাজুবাদাম, তামাকপণ্যসহ নানাপণ্য। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন।

দাম বাড়বে বিলাসবহুলপণ্য ও সিগারেটের : স্বাস্থ্যঝুঁকি রয়েছে এমন পণ্য ও বিলাসীপণ্যে করভার বাড়ানো হচ্ছে। আগামী বাজেটে সিগারেটের চারটি স্তরেই দাম বাড়ানো হচ্ছে। নিম্নস্তরের ১০ শলাকা সিগারেটের মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চস্তরের ১৬০ টাকা এবং অতি-উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

কাজুবাদামের দাম বাড়বে : দেশীয় উৎপাদকদের সুরক্ষায় কাজুবাদাম আমদানির শুল্ক ১ ও ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ফলে আমদানি করা কাজুবাদামের দাম বাড়তে পারে। তবে দেশি উৎপাদকরা যদি কাঁচামাল হিসেবে আমদানি করেন সেক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ। এতে করে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়া হয়েছে।

বিলাসবহুল গাড়ি ও মদের দাম বাড়বে : বিলাসবহুল পেট্রোল, অকটেন ও ডিজেলচালিত গাড়ির করভারও উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে। বিশেষ করে ১২০০ থেকে ১৬০০ সিসি ক্ষমতার গাড়ির করহার বৃদ্ধি ও অগ্রিম আয়কর দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। দেশীয় মদের উৎপাদন পর্যায়ে প্রতি লিটারে ৫০০ টাকা সম্পূরক শুল্ক আরোপ করা হচ্ছে।

রড-ইস্পাতের দাম বাড়বে : এ ছাড়া রড ও ইস্পাতজাত কিছু পণ্যে নির্দিষ্ট ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া আমদানি করা পাঙাশ ফিশ ফিলেটে ২০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ, হেলিকপ্টারের ওপর বার্ষিক অগ্রিম আয়কর যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

জুয়ার আয়ে কর বাড়ানোর প্রস্তাব : জুয়ার আয়ের ওপর করহার ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাবও দেওয়া হয়েছে বাজেটে।

তামাকপণ্যের আমদানিতে বড় শুল্ক : জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন গ্র্যানুলস এবং নিকোটিন পাউচ আমদানি নিরুৎসাহিত করতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

কপারের তার ও টিউব আমদানিতে শুল্ক বাড়ছে : কপার তার ও টিউব উৎপাদনকারী শিল্পের সুরক্ষা দেওয়ার জন্য এসব পণ্য আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ রেগুলেটরি ডিউটি প্রদান করা হয়েছে। একইসঙ্গে এসব পণ্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১৫ শতাংশ শুল্ক থেকে বাড়িয়ে তা ২৫ শতাংশ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত