অ্যাটর্নি জেনারেলের অফিসে চুরি

আপডেট : ১৩ জুন ২০২৬, ০২:৪৫ এএম

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অ্যাটর্নি জেনারেলের অফিস ভবনে চুরি হয়েছে। দুষ্কৃতরা অফিস থেকে একটি থাই গ্লাস নিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাত প্রায় সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেছেন, ‘ঘটনাটি শুধু চুরি নয়, একটি চক্র পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। তবে তদন্ত না করেই ঘটনাটিকে নিছক চুরি বলছে পুলিশ।’

সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেলের অফিস ভবনের নিচতলা এবং দোতলার লিফটের সামনের জানালার থাই গ্লাসের দুটি পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি।  সেই সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। কিন্তু দুষ্কৃতরা পালিয়ে যায়। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রাথমিকভাবে চুরি মনে হলেও এতদিন কোনো ঘটনা ঘটেনি। সম্প্রতি আমাদের অফিসের আইন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। আরেকজনকে ইতিপূর্বে দুর্নীতির কারণে জেলে পাঠিয়েছি। দুর্নীতিবিরোধী আমার যে অবস্থান, সেটি নিয়ে এ অসৎ এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা সামাজিক মাধ্যম ফেসবুকে নানা প্রোপাগান্ডা, মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি পুলিশকে বলেছি এ ঘটনার সঙ্গে এদেরও ইন্ধন থাকতে পারে। যখন তদন্ত করবে, তখন এ বিষয়টি যেন খতিয়ে দেখে। 

গতকাল সন্ধ্যায় শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই জুয়েল বলেন, ‘১০ হাজার টাকা মূল্যের একটি থাই গ্লাস চুরি করা হয়েছে, এমন লিখিত অভিযোগ নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দারোয়ান মো. ফজলুল হক এসেছিলেন। আমরা অভিযোগ নিয়েছি। এটি মামলায় রূপান্তিত হবে।’

তবে ঘটনাটি তদন্ত না করেই নিছক চুরি বলছেন পরিদর্শক (অপারেশন) মো. খোকন। তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের পেছনে আইনজীবীদের পুরাতন ভবন রয়েছে। ওখানে তারকাঁটা। হিরোইঞ্চিরা তার কেটে সেখান দিয়ে যাওয়া-আসা করত। ধারণা, এ ঘটনাও হিরোইঞ্চিরা ঘটিয়েছে চুরির উদ্দেশ্যে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত