গরমের দিনে এসি যেন স্বস্তির আরেক নাম। কিন্তু অনেক সময় দেখা যায়, এসি চলছে ঠিকই, অথচ ঘর তেমন ঠান্ডা হচ্ছে না। আবার বিদ্যুৎ বিলও বাড়ছে অস্বাভাবিকভাবে। এর অন্যতম কারণ হতে পারে এসির ভেতরে জমে থাকা ধুলো-ময়লা। সুখবর হলো, কিছু সাধারণ পরিচর্যা আপনি ঘরেই করতে পারেন।
প্রথমেই নিরাপত্তার জন্য এসির বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন। এরপর সামনের কভার খুলে এয়ার ফিল্টার বের করে নিন। এই ফিল্টারেই সবচেয়ে বেশি ধুলো জমে, যা বাতাস চলাচলে বাধা সৃষ্টি করে এবং শীতলতা কমিয়ে দেয়। ফিল্টারটি পরিষ্কার পানিতে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে আবার লাগিয়ে দিন। বিশেষজ্ঞদের মতে, প্রতি ১৫ দিন পরপর ফিল্টার পরিষ্কার করলে এসির কার্যকারিতা অনেকটাই বজায় থাকে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসির সাদা প্লাস্টিকের অংশে হলদে ভাব দেখা দিতে পারে। এটি পরিষ্কার করতে ভিনেগার ও পানির মিশ্রণ কিংবা উপযুক্ত ক্লিনার ব্যবহার করা যেতে পারে। নরম কাপড় দিয়ে নিয়মিত মুছে রাখলে এসির বাহ্যিক সৌন্দর্যও অক্ষুন্ন থাকে।
শুধু ফিল্টার নয়, এসির বাইরের অংশও পরিষ্কার রাখা জরুরি। শুকনো কাপড় দিয়ে ইউনিটের ভেতর ও বাইরের ধুলা মুছে ফেলুন। কোণ বা ছিদ্রের মতো জায়গাগুলো পরিষ্কার করতে ছোট ব্রাশ ব্যবহার করা যেতে পারে। তবে এসি থেকে যদি অস্বাভাবিক ঘড় ঘড় বা কর্কশ শব্দ আসে, তাহলে বিষয়টিকে অবহেলা করা ঠিক নয়। এটি যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত হতে পারে। এমন পরিস্থিতিতে নিজে কিছু না করে দ্রুত দক্ষ টেকনিশিয়ানের সহায়তা নেওয়াই ভালো। নিয়মিত পরিচর্যা শুধু এসির শীতলতা বাড়ায় না, এর আয়ুও দীর্ঘ করে। তাই গরমে নিরবচ্ছিন্ন ঠান্ডা বাতাস পেতে এসির যত্নে একটু সময় দিন।