শেয়ারবাজারের সূচক ৯ মাসে সর্বোচ্চ

আপডেট : ১৫ জুন ২০২৬, ০২:২৯ এএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড়ধরনের উল্লম্ফনের ফলে প্রধান শূল্য সূচক প্রায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ এবং লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর।

জানা গেছে, ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর গতকাল রবিবার ছিল শেয়ারবাজারের প্রথম কার্যদিবস। ঘোষিত বাজেটে পুঁজিবাজারের জন্য উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ না থাকলেও বিনিয়োগকারীদের আস্থা বেড়ে যাওয়ায় শক্তিশালী উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২৫ দশমিক ৩৪ পয়েন্টে অবস্থান নেয়। এটি গত প্রায় ৯ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ৬২৭ দশমিক ৫৯ পয়েন্ট। ডিএসইএস সূচক ১৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৯ পয়েন্টে পৌঁছেছে, ডিএসই-৩০ বেড়েছে ৪৬ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৯ দশমিক ৮০ পয়েন্টে অবস্থান করছে। বাজারটিতে মোট ৩৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৯৬টির দর কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনে টাকার পরিমান দাঁড়িয়েছে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মোট ২৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৪ কোটি ৩৩ লাখ টাকার। বাজারটিতে লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৩টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। বিপরীতে ৭১টির দর কমেছে এবং ৩৪টির দরে কোনো পরিবর্তন হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত