পাটক্ষেতে মিলল কিশোর চালকের মরদেহ

আপডেট : ০১ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে সাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় দুমড়ে-মুচড়ে পড়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার সূত্র ধরে অভিযান চালিয়ে পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেল উদ্ধার করেছে পুলিশ, যেগুলোকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাকিবুল ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের বাসিন্দা। তিনি রহমত ওরফে টুলুর ছেলে এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে নবগ্রাম কাশতা গোলাই এলাকায় রাস্তার পাশে একটি ব্যাটারিচালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশে তল্লাশি চালিয়ে পাশের একটি পাটক্ষেত থেকে সাকিবুল ইসলামের মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, প্রথমে পরিত্যক্ত অটোরিকশার সূত্র ধরেই তদন্ত শুরু হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া তিনটি স্যান্ডেল জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে। এসব আলামত পরীক্ষার মাধ্যমে ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জের পুলিশ সুপার সারওয়ার আলম ও অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাই। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে স্বপন (২২) নামে এক ফার্নিচার ডিজাইনারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত