বিরোধীদলীয় নেতা বললেন

জনআকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৭ এএম

বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের আকাক্সক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা মেনে নেওয়া হবে না এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে।

গতকাল বুধবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মাল্টিপারপাস হলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জাতীয় সেমিনারে তিনি এসব কথা বলেন। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং সব গণহত্যার বিচারের দাবিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপিসহ ১১ দলের কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত, শহীদ ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল সময়ের দাবি। কিন্তু কিছু রাজনৈতিক দলের সে দায়িত্ব পালনে অনীহা দেখা যাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, দেশের জনগণের সঙ্গে বারবার প্রতারণা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো সুবিধাজনক অবস্থানে পৌঁছানোর পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায়। এতে রাজনীতির প্রতি মানুষের আস্থা ক্ষুন্ন হয়।

বিরোধীদলীয় নেতা বলেন, গণতন্ত্রে জনগণের বিচারবোধের ওপর আস্থা রাখতে হয়। জনগণকে অজ্ঞ বা অক্ষম মনে করার কোনো সুযোগ নেই। যারা জনগণের বিবেচনাবোধকে প্রশ্নবিদ্ধ করেন, তারা প্রকৃত অর্থে গণতন্ত্রে বিশ্বাস করেন না। সরকারের ভালো কাজে সহযোগিতা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন, তবে জনগণের অধিকার ও গণতান্ত্রিক স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। প্রয়োজনে আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ দেশের তরুণ প্রজন্মের হাতে তুলে দিতে হবে। জুলাইয়ের আন্দোলন ও শহীদদের আত্মত্যাগকে অবমূল্যায়ন বা অপমান করার কোনো সুযোগ নেই। তিনি সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে আমরা নই। তবে জনগণের রায় ও জুলাইয়ের চেতনাকে অসম্মান করার চেষ্টা করা হলে দেশের তরুণ সমাজ তা মেনে নেবে না। শেষে তিনি বলেন, দেশ, জাতি ও জনগণের স্বার্থে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।

 আল্লামা মামুনুল হক বলেন, আমরা লক্ষ্য করছি বিএনপি জুলাইয়ের আন্দোলন ও জুলাই বিপ্লবের চেতনাকে বাংলাদেশের মূল রাজনৈতিক ধারার বাইরে ঠেলে দেওয়ার একটি পরিকল্পিত প্রক্রিয়া অনুসরণ করছে। এটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। জুলাইয়ের চেতনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। বরং সুপরিকল্পিতভাবে সেই চেতনাকে দুর্বল করার নানা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত