মিরপুর-১০ , কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি গতকাল শুক্রবার সরেজমিন পরিদর্শন করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
জুমার নামাজের পর তিনি মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত পানি সরানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এ সময় প্রশাসক পানির মধ্যে হেঁটে পানি সরে যাওয়ার নালা ও ড্রেনেজ ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশপাশের দোকানদারদের ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানান। পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় কাঁচাবাজারের ফেলে রাখা ময়লা-আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন প্রশাসক। একই সঙ্গে তিনি জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার -পরিচ্ছন্নতা রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দেন। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি