আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্য, ভাষণ কিংবা বিবৃতি প্রচার না করতে দেশের সব গণমাধ্যম ও সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গতকাল শুক্রবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ অনুরোধ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এ ছাড়া দেশের প্রচলিত আইন অনুযায়ী, কোনো আদালতের সাজাপ্রাপ্ত পলাতক অপরাধীর বক্তব্য, সাক্ষাৎকার কিংবা অডিও-ভিডিও ভাষণ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রেও আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও আদালতের নির্দেশনা প্রতিপালনের স্বার্থে শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি বা বক্তব্য সরাসরি কিংবা ধারণ করা অবস্থায় টেলিভিশন, বেতার, সংবাদপত্র, অনলাইন নিউজ পোর্টাল বা সামাজিক মাধ্যমসহ কোনো গণমাধ্যমে প্রচার বা প্রকাশ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।