জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জনগণের সামনে তুলে ধরা। কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ না করে মানুষের দুর্ভোগ, সমস্যা ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। গণমাধ্যম দেশের উন্নয়ন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করলে সমাজে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। গতকাল শুক্রবার বিকেলে ফেনীর পরশুরাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইয়ুব ভূঁইয়া বলেন, ‘স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও আমরা এখনো প্রত্যাশিত উন্নয়ন ও আত্মমর্যাদার জায়গায় পুরোপুরি পৌঁছাতে পারিনি। অন্য দেশকে দোষারোপ করার আগে আমাদের নিজেদের দায়িত্ব ও কাজ সঠিকভাবে পালন করছি কি না, সেটিও আত্মসমালোচনার সঙ্গে বিবেচনা করতে হবে।’
পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও উপস্থিত ছিলেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম প্রমুখ।