সঞ্চিত টাকার লোভে বাকপ্রতিবন্ধীকে হত্যায় গ্রেপ্তার ৫

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৫৯ এএম

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে সত্তরোর্ধ্ব বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমকে নির্যাতন করে হত্যা ও অর্থ লুটের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেনÑ ইলিয়াস, সাকিব, বেলাল মিয়া, দ্বীন ইসলাম ও রিফাত। গত বৃহস্পতিবার রাতে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেপ্তার করে।

গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এ তথ্য জানিয়ে বলেন, বৃদ্ধা ববির কাছে থাকা দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকার জন্যই তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়। তিনি বলেন, গত ৪ জুলাই রাতে মেথিকান্দা রেলস্টেশনের এক পরিত্যক্ত কক্ষে ববি বেগমের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে প্রায় ২০ হাজার টাকা লুট করে। পরে স্থানীয়রা আহত ববি বেগমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ৮ জুলাই রাতে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  চাঞ্চল্যকর এ ঘটনার পরই র‌্যাব-১১ ছায়া তদন্ত শুরু করে জানিয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা, ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের তথ্য এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগে থেকেই মাদকের মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকের টাকার প্রয়োজনেই তারা এ ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে র‌্যাব-১১ অধিনায়ক বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত