ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে গ্রেপ্তার হওয়া মেহেদী হাসান নামে এক যুবককে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার আসামিকে আদালতে হাজির করলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। গত বৃহস্পতিবার রাতে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে কোরআনের তাফসির পোড়ানোর অভিযোগে মেহেদী হাসানকে মারধর করে পুলিশে সোপর্দ করে একদল মানুষ। পরে মেহেদীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার এ মামলা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তার বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। মামলায় অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে ইসলামি চিন্তাবিদ ও জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আলা মওদুদী রচিত ‘আফহিমুল কুরআনের’ তিনটি বই পুড়িয়ে দেয় মেহেদী, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।