নরসিংদীর মাধবদীতে ডাকাতদের কোপে শাহজাহান ভূঁইয়া (৫০) নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় লুট হয়েছে স্বর্ণালংকারসহ ৪ লাখ টাকার মালামাল। গত শুক্রবার রাতে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার মিলন ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। নিহত শাহজাহান ভূঁইয়া নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকার সামসু ভূঁইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত মিলনদের বাড়িতে হানা দেয়। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে মিলন তার বড় ভাই শাহজাহান ভূঁইয়াকে ফোন করে ঘটনা জানায়। এ সময় ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি শুরু করে। ফোন পেয়ে মিলনের বড় ভাই ও তাদের চাচা সুরুজ ভূঁইয়া পাশ্ববর্তী বাড়ি থেকে ছোট ভাইয়ের বাড়িতে আসার সময় বাইরে উপস্থিত ডাকাতদল তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই বড় ভাই শাহজাহান ভূঁইয়া নিহত হন এবং চাচা সুরুজ ভূঁইয়াও গুরুতর আহত হন। ডাকাতরা প্রায় ২০-২৫ মিনিট ধরে তা-ব চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদল চলে গেলে খবর পেয়ে আশপাশের লোকজন এসে গুরুতর আহত চাচা সুরুজ ভূঁইয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মাধবদী থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’