আর্জেন্টিনার বাইক

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৯ এএম

পুরো বাইক সাজানো হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। বাইকের কোথাও ফুটে উঠেছে লিওনেল মেসির ছবি, আবার বিশ্বকাপ জয়ের তিনটি তারকা। এ যেন দিনাজপুর শহরে ছুটে চলছে এক টুকরো আর্জেন্টিনা।

ব্যতিক্রমী এই বাইকের দেখা মিলবে দিনাজপুর শহরে। বাইকটির মালিক দিনাজপুর শহরের মিশন রোড এলাকার তরুণ তানজির হোসেন। প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার প্রতি অগাধ ভালোবাসা থেকেই নিজের মোটরসাইকেলটিকে তিনি সাজিয়েছেন ব্যতিক্রমী এই রূপে। এখন শহরের রাস্তায় বাইকটি ছুটে চললে অনেকেই একে ‘আর্জেন্টিনার বাইক’ কিংবা ‘মেসির বাইক’ বলেই চিনে ফেলেন। তানজির ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ হোক কিংবা কোপা আমেরিকা-প্রিয় দলের প্রতিটি ম্যাচই তিনি আগ্রহ নিয়ে দেখেন। দলের জয়ে যেমন আনন্দে ভাসেন, তেমনি পরাজয়ে কষ্টও পান। সেই আবেগ থেকেই তিনি সিদ্ধান্ত নেন, নিজের সবচেয়ে প্রিয় বাহনটিকেই আর্জেন্টিনার পরিচয়ে সাজাবেন।

স্থানীয় একটি ওয়ার্কশপে কয়েক দিনের কাজ শেষে বাইকটি নতুন রূপ পায়। আকাশি-সাদা রঙের সঙ্গে নান্দনিক গ্রাফিকস যোগ হওয়ায় বাইকটি এখন সবার নজর কাড়ে।

পথচারী রিফাত ইসলাম বলেন, ‘প্রথম দেখেই বাইকটি আমার নজর কাড়ে। এত সুন্দরভাবে আর্জেন্টিনার রঙ ব্যবহার করা হয়েছে যে, না তাকিয়ে উপায় নেই। এটি শুধু একটি বাইক নয়, ফুটবলপ্রেমেরও একটি দারুণ প্রকাশ।’

তানজির বলেন, ‘কাগজে-কলমে এটি আমার মোটরসাইকেল। কিন্তু মানুষের ভালোবাসা দেখে এখন আর এটিকে শুধু আমার বাইক বলতে পারি না। এটি যেন গোটা বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের বাইক হয়ে উঠেছে। রাস্তায় বের হলেই ছোট ছোট বাচ্চারা বলে ওঠে, ‘দেখো, মেসির বাইক যাচ্ছে!’ আবার অনেকে বলেন, ‘আর্জেন্টিনার বাইক যাচ্ছে।’ মানুষের এই ভালোবাসা ও উচ্ছ্বাসই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’

ফুটবলকে ঘিরে বাংলাদেশে উন্মাদনা নতুন নয়। তবে দিনাজপুরের তরুণদের মধ্যে মোটরসাইকেলকে প্রিয় দলের রঙে সাজানোর এই প্রবণতা ফুটবলপ্রেমে যোগ করেছে নতুন মাত্রা। আর সেই তালিকায় ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছেন মিশন রোডের তানজির হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত