রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টা, দালাল আটক

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:২৯ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগী ভাগিয়ে নেওয়ার চেষ্টাকালে দালালচক্রের এক সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা। আটক ব্যক্তির নাম মো. হযরত আলী (২৮)। গতকাল শনিবার দুপুরে ঢামেকের নতুন ভবনের দোতলা থেকে তাকে আটক করা হয়। আইনগত ব্যবস্থার জন্য তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত হোসেন জানান, ঢামেকের নতুন ভবনের দোতলায় দায়িত্বরত আনসার সদস্যরা দেখতে পান হযরত আলী রোগী ও তাদের স্বজনদের কম খরচে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এতে আনসার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন। পরে হাসপাতাল প্রশাসনের নির্দেশনায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহাদাত হোসেন বলেন, হাসপাতালের বিপরীত পাশে চানখাঁরপুল এলাকায় অসংখ্য বেসরকারি প্যাথলজি গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত দালালচক্র হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয়তলাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে রোগীদের কম খরচে দ্রুত পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পাওয়ার প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যায়। যারা অবৈধভাবে হাসপাতালে ঘোরাফেরা করে তাদের ধরার ব্যাপারে পরিচালক নির্দেশ দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত