গণমাধ্যমের ওপর ৬ মাসে সহিংসতার ৯৪ ঘটনা

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ এএম

বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে কুইক রেসপন্স সাপোর্ট (কিউআরএস) টিম। ইন্টারন্যাশনাল মিডিয়া সাপোর্ট (আইএমএস) এর সহায়তায় পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে উন্নয়ন সংস্থা ভয়েস কর্র্তৃক নথিভুক্ত সাম্প্রতিক একাধিক ঘটনার মাধ্যমে এ পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে সংবাদ মাধ্যমের গত ছয় মাসের সহিংস ঘটনার পরিসংখ্যান এবং গত তিন মাসে ঘটনাগুলো তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর সহিংসতা ও অন্য অধিকার লঙ্ঘনের মোট ৯৪টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে, যার মধ্যে জানুয়ারিতে ৯টি, ফেব্রুয়ারিতে ১৯টি, মার্চে ৯টি, এপ্রিলে ২৪টি, মে মাসে ২৪টি এবং জুনে ৯টি ঘটনা ঘটেছে। এই ধরনের অধিকার লঙ্ঘন কেবল গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকেই না, বরং সাংবাদিকদের নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতাকেও ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি গণমাধ্যমের স্বাধীনতা, তথ্য অধিকার এবং সার্বিকভাবে গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষার বিষয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করে।’

বিবৃতিতে বলা হয়, গত ৩ মাসের সহিংসতার ঘটনার মধ্যে যশোরে মাদকপাচারের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আতিকুজ্জামান রিমু’র গুরুতর আহত হওয়া, মাদক সংক্রান্ত বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে সাভারে এসএ টিভির ও দেশ টিভির চারজনে গুরুতর আহত হওয়া, মানিকগঞ্জে একটি কালভার্ট নির্মাণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে আনন্দ টিভির সাংবাদিক ওবায়দুর রহমানকে নির্যাতন, মিরপুরে একটি উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় বাংলাদেশ প্রতিদিন এর নেহাল আহমেদ প্রান্ত এবং বাংলাদেশ টাইমস এর তাসবির ইকবাল নামে দুই সাংবাদিক পুলিশের মারধরের শিকার হওয়ার ঘটনা উল্লেখ করা হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকরা রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর হাতেও সহিংসতার মুখোমুখি হচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়িতে জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি হামলার মামলায় সাংবাদিক জিতেন বড়ূয়াকে গ্রেপ্তার এবং ঢাকায় একটি অনুষ্ঠান কাভার করার সময় দৈনিক সকালের সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা একটি ভীতি ও হুমকির পরিবেশ তৈরি করে, যা সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহিত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত