এসএসসির ফল সোমবার নয় চলতি মাসের শেষ দিকে

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম

চলতি মাসের শেষ দিকে প্রকাশিত হবে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফলাফল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। প্রাকৃতিক দুর্যোগ ও চলমান এইচএসসি পরীক্ষার ব্যস্ততার কারণে ফলাফল তৈরির কাজ পিছিয়ে রয়েছে। তবে চলতি মাসের ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল চূড়ান্ত হয়ে গেলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সর্বশেষ লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত ২০ মে। সর্বশেষ লিখিত পরীক্ষার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, এ ধরনের কোনো বিধান নেই। তবে প্রচলিত ধারণা রয়েছে ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের। এবার প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি চলমান এইচএসসি পরীক্ষার ব্যস্ততার কারণে সব শিক্ষা বোর্ড ফলাফল তৈরির কাজ এখনো গুছিয়ে আনতে পারেনি। আগামী ২৭ ও ২৮ জুলাইয়ের মধ্যে আমাদের ফলাফল চূড়ান্ত হয়ে যাবে। আর চূড়ান্ত হয়ে যাওয়ার পরই সরকার যেদিন তারিখ নির্ধারণ করবে আমরা সেদিনই ফলাফল প্রকাশ করব। এছাড়া ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হবে এমন কথাও আমরা কখনো বলিনি।

 খোঁজ নিয়ে জানা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরিতে কয়েকটি শিক্ষা বোর্ড বেশ পিছিয়ে রয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে থাকা প্রফেসর জেসমিন তাসলিমা বানু বলেন, ‘দেশের সব শিক্ষা বোর্ডের সক্ষমতা সমান নয়। তাই ফলাফল চূড়ান্তকরণে সব বোর্ড সমান অবস্থানে নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত