কাচের বাসনকোসন দীর্ঘদিন ব্যবহারের ফলে অনেক সময় হলদেটে দাগ হয়ে যায়। বিশেষ করে সাদা কাচের বাসনে এমনটা বেশি দেখা যায়। কাচের বাসনের দাগ তুলতে কী করবেন জেনে নিন।
বেকিং সোডা : দুই টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে অল্প একটু পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ দিয়ে কাচের বাসনে মিনিট ২০ মাখিয়ে রাখুন। তারপর ঘষে ঘষে হলুদের দাগ তুলে ফেলুন।
টুথপেস্ট : একটি টুথ ব্রাশে সামান্য টুথপেস্ট নিয়ে পানি ভিজিয়ে নিন। বাসনের দাগের জায়গায় এটি দিয়ে ভালো করে ঘষুন। মিনিটখানেক স্ক্রাব করার পর আরও ৫ মিনিট এভাবে রেখে দিন। তারপর হালকা গরম পানি দিয়ে বাসন ধুয়ে ফেলুন।
লবণ এবং ভিনেগার : লবণ এবং ভিনেগার উভয়ই যেকোনো ধরনের দাগ তুলতে দারুণ কার্যকর। একটি বাটিতে ভিনেগার আর নুন মিশিয়ে নিন। কাচের বাসন এই মিশ্রণটি দিয়ে ভালো করে মেজে নিন। মিনিট দশেক এভাবে রেখে দিন। তারপর সাবান পানি দিয়ে ধুয়ে নিন।
লেবুর রস : লেবুর রসে একটি পরিষ্কার টুথব্রাশ ডুবিয়ে নিন। বাসনের গায়ে লেগে থাকা হলুদের দাগের ওপর লেবুর রস দিয়ে ভালোভাবে স্ক্রাব করুন। আরও ১০ মিনিট এভাবে বাসনগুলো রেখে দিন। পরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
গরম পানি : এক বালতি গরম পানিতে কাচের বাসন ২০ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। তারপর ডিশ ওয়াশিং সাবান এবং পানি দিয়ে বাসন ঘষে ধুয়ে ফেলুন। তবে পানি যেন খুব বেশি গরম না হয়, নইলে বাসন ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। হালকা গরম পানি ব্যবহার করবেন।
লেবুর খোসা : হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে কাচের বাসন ভিজিয়ে রাখুন। এবার লেবুর খোসা দিয়ে বাসনের দাগের উপর ভালো করে ঘষে নিন। এতে সহজেই দূর হবে বাসনের উপর লেগে থাকা হলুদের দাগ।