পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নলকূপ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম

রাজধানীর পল্লবীর উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট নিরসনে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের উদ্যোগে ক্যাম্পে বসবাসকারী উর্দুভাষী মানুষের জন্য নিরাপদ বিশুদ্ধ পানি সরবরাহ কর্মসূচির আওতায় পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে স্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকালে রাজধানীর পল্লবীর রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গভীর নলকূপ দুটির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি বছরব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কর্মসূচিও চালু থাকবে।’

তিনি বলেন, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, পরিচ্ছন্ন পরিবেশ এবং সচেতনতা বৃদ্ধির দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি বিভিন্ন সেমিনারে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৬ (পল্লবী-রূপনগর) এলাকার উর্দুভাষী ক্যাম্পগুলোর দুর্বিষহ পরিবেশের চিত্র তুলে ধরে, তাদের অধিকারের কথা বলেন আমিনুল হক। 

স্থানীয় বাসিন্দারা গভীর নলকূপ স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন তারা। নতুন নলকূপ চালু হওয়ায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত হবে এবং তাদের দৈনন্দিন দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত