মালিতে বিদ্রোহীদের হামলায় ৫০ সেনা নিহত

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:১৬ এএম

মালিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ সেনা নিহত হয়েছে। পশ্চিম আফ্রিকার এই দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র গোষ্ঠী তুয়ারেগ এ হামলা চালায়। স্থানীয় ও সামরিক সূত্রগুলো জানিয়েছে এ সময় আরও অন্তত ২৪ সেনাকে বন্দি করা হয়। গতকাল রবিবার সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর আনেফিস থেকে সেনারা গাওয়ের উদ্দেশে সরে যাওয়ার সময় তাদের বহরে এই হামলা চালানো হয়। সাম্প্রতিক বছরগুলোয় মালির সেনাবাহিনীর ওপর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর এটি একটি।

নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, সেনাবাহিনী বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে, যদিও বহরের বাকি অংশ যাত্রা চালিয়ে যেতে পেরেছে। কয়েক সপ্তাহ ধরে আনেফিসের নিয়ন্ত্রণ নিয়ে মালি সেনাবাহিনী, তুয়ারেগ বিচ্ছিন্নতাবাদী সংগঠন এফএলএ এবং আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠী জেএনআইএমের মধ্যে তীব্র সংঘর্ষ চলছিল। গত ১০ জুলাই কয়েক দিনের তুমুল লড়াইয়ের পর মালির সেনাবাহিনী ও রুশ আধা সামরিক বাহিনী আফ্রিকা কোরের সদস্যরা আনেফিসের নিয়ন্ত্রণ ফিরে পায়। হামলার দায় স্বীকার করেছে জেএনআইএম ও এফএলএ। ২০১২ সাল থেকে মালিতে চলা জিহাদি বিদ্রোহ নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত