রুশ ক্ষেপণাস্ত্রে কাঁপল কিয়েভ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:১৭ এএম

২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল রবিবার ভোররাতে কয়েক ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন, এক রাতেই রাশিয়া সর্বোচ্চ সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেন পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কিয়েভের অন্তত ছয়টি জেলায় হামলার প্রভাব পড়েছে।

রুশ হামলায় আবাসিক ভবন, অফিস, শিল্পকারখানা, শিক্ষার্থীদের আবাসন এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, সভিয়াতোশিনস্কি জেলায় আগুনে পুড়ে যাওয়া একটি বাড়ি থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। শেভচেঙ্কিভস্কি জেলায় একটি তিনতলা ভবনে আগুন লাগার পর সেখান থেকেও বাসিন্দাদের উদ্ধার করা হয়। পরে ধ্বংসস্তূপ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া সোলোমিয়ানস্কি, দেসনিয়ানস্কি ও দনিপ্রো জেলাতেও একাধিক অগ্নিকা-ের ঘটনা ঘটে। পররাষ্ট্রমন্ত্রী সিবিহা এ হামলাকে ‘ইউক্রেনের রাজধানীর ওপর নির্মম সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। আন্দ্রি সিবিহা বলেন, এই সন্ত্রাস বন্ধ করতে মস্কোর ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা প্রয়োজন।

একই সময়ে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও রুশ ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। অন্যদিকে জাপোরিঝিয়া অঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেনে ড্রোন হামলায় ট্রেনের চালক নিহত হন বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া ৪১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে ১৮টি ভূপাতিত করা হয়েছে। এদিকে ইউক্রেন দাবি করেছে, কৃষ্ণ সাগরে তারা রাশিয়ার দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ায় জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা ব্যাহত করতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।

জুলাই মাসজুড়ে রাশিয়া কিয়েভে একাধিক বৃহৎ আকারের হামলা চালিয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলার জন্য ইউক্রেন প্রধানত যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। কিন্তু বর্তমানে এ ধরনের ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় প্রায় প্রতিদিন রাশিয়ার চালানো হামলা মোকাবিলায় ইউক্রেন ক্রমাগত চ্যালেঞ্জের মুখে পড়ছে। চলতি মাসে অন্তত সাতবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে হামলা চালানো হয়েছে। প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে পড়ার কথা স্বীকার করেছে দেশটির বিমান বাহিনীও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে নিজ দেশে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে তিনি প্রস্তুত আছেন। তবে এ বিষয়ে এখনো কোনো বিস্তারিত পরিকল্পনা বা সময়সূচি প্রকাশ করা হয়নি।

এই হামলা এমন সময়ে হলো যখন দেশটির রাজনীতিতে অভ্যন্তরীণ উত্তেজনা চলছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে প্রতিরক্ষামন্ত্রী মিখাইল ফেদোরভকে সরানোয় অনেকেই ক্ষুব্ধ। তার এ সিদ্ধান্তে প্রতিবাদে রাস্তায় রাস্তায় বিক্ষোভ হচ্ছে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীতেও এই সিদ্ধান্ত নিয়ে বিভক্তি রয়েছে। কিছু সমালোচক বলছেন, ঠিক যখন মনে হচ্ছিল যুদ্ধে ইউক্রেইন গতি লাভ করছে তখন ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া জেলেনস্কির প্রেসিডেন্সিকালের সবচেয়ে বড় ভুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত