আন্তর্জাতিক রুটে প্রথমবার উড়বে চীনের নিজস্ব বিমান

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:১৬ এএম

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বৃহৎ যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ আগামী ১২ আগস্ট থেকে প্রথমবার আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। এয়ার চায়না জানিয়েছে, নতুন এই রুটে চীনের রাজধানী বেইজিং ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের মধ্যে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালিত হবে। বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৩টায় উড্ডয়ন করে ফ্লাইটটি বিকাল ৫টা ১৫ মিনিটে উলানবাটোরে পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উলানবাটোর থেকে ছেড়ে রাত ৮টা ৩৫ মিনিটে বেইজিংয়ে নামবে। চীনা কর্র্তৃপক্ষ বলছে, দেশটির বাণিজ্যিক বিমান চলাচল খাতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত এই বিমানটি আন্তর্জাতিক রুটে যাত্রার মাধ্যমে চীনের নিজস্ব উড়োজাহাজ নির্মাণ সক্ষমতার অগ্রগতিকে আরও দৃশ্যমান করবে।

এর আগে, এই মডেলের বিমানটি মূলত চীনের অভ্যন্তরীণ রুটে চলাচল করত। এয়ার চায়না বর্তমানে বেইজিং-হংকং রুটে প্রতিদিন একটি সি৯১৯ ফ্লাইট পরিচালনা করে, যা একটি আঞ্চলিক রুট হিসেবে শ্রেণিবদ্ধ। অভ্যন্তরীণ বাজারে তিন বছরেরও বেশি সময় ধরে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার পর, সি৯১৯-কে আন্তর্জাতিক বিমান চলাচল নেটওয়ার্কে ক্রমান্বয়ে আরও গভীরভাবে একীভূত করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সি৯১৯ চীনের প্রথম ন্যারো-বডি জেট বিমান, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বাধীনভাবে গবেষণা, নকশা এবং তৈরি করা হয়েছে। বিমানটি কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিওএমএসি) তৈরি করেছে এবং এর স্বাধীন মেধাস্বত্ব অধিকার রয়েছে।

বিমানটির স্ট্যান্ডার্ড সংস্করণে ১৫৮ থেকে ১৯২ জন যাত্রী ধারণের ক্ষমতা রয়েছে এবং এটি ৪,০৭৫ থেকে ৫,৫৫৫ কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম। পশ্চিমা নির্মাতাদের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি চীনের বৃহৎ বাণিজ্যিক বিমান উৎপাদন ক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে সি৯১৯ কর্মসূচিটি চালু করা হয়েছিল। ২০২২ সালের ৯ ডিসেম্বর- চায়না ইস্টার্ন এয়ারলাইনসকে প্রথম সি৯১৯ বিমানটি সরবরাহ করা হয়। এই মডেলের বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি ২০২৩ সালের ২৮ মে সাংহাই-বেইজিং রুটে পরিচালিত হয়েছিল। এয়ার চায়নার কাছে এখন ১২টি সি৯১৯ রয়েছে। চায়না ইস্টার্ন এয়ারলাইনস ও চায়না সাউদার্ন এয়ারলাইনসের মতো আরও অনেক প্রধান চীনা বিমান সংস্থাও এই বিমানটি ব্যবহার করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত