ফুটবল মাঠের প্রতিটি বিশ্বকাপ আসর নতুন নতুন কিংবদন্তিদের জন্ম দেয়। তবে কিলিয়ান এমবাপ্পের বর্তমান রূপটি সব সংজ্ঞাকে ছাড়িয়ে গেছে। মায়ামিতে যখন ইংল্যান্ডের বিপক্ষে জাল কাঁপালেন, তখন সেটি কেবল একটি সাধারণ গোল ছিল না; সেটি ছিল ইতিহাসের পাতায় নতুন এক নাম স্থায়ীভাবে খোদাই করে দেওয়ার মুহূর্ত। মাত্র ২৭ বছর বয়সে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় লিওনেল মেসিকে টপকে সিংহাসনে বসার পর এমবাপ্পের উদযাপনের ভঙ্গিটি ছিল শান্ত, কিন্তু তার পেছনের পরিসংখ্যানটি রীতিমতো গর্জনশীল। ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই পরিসংখ্যান, মাত্র ২২টি ম্যাচে ২২টি গোল। যে উচ্চতায় পৌঁছাতে কিংবদন্তিরা বছরের পর বছর অপেক্ষা করেছেন, এমবাপ্পে সেখানে পৌঁছেছেন যেন চোখের পলকেই।
এমবাপ্পের এই অদম্য যাত্রার শুরুটা হয়েছিল ২০১৮ সালে রাশিয়ার মাটিতে, যেখানে ১৯ বছর বয়সী এক কিশোরের ক্ষিপ্রতা চমকে দিয়েছিল বিশ্বকে। যেখানে পেলের পর মাত্র ১৯ বছর বয়সী কনিষ্ঠতম প্রতিভা হিসেবে ফাইনালে গোল করে তিনি বিশ্বকে চমকে দিয়ে ঘোষণা করেছিলেন, ফুটবলের পরবর্তী অধ্যায়টি দখলেই যাচ্ছে। কিন্তু চার বছর পর কাতারে গিয়ে তিনি কেবল তারকা থাকলেন না, হয়ে উঠলেন এক বিধ্বংসী গোলমেশিন। ফাইনালে সেই অবিস্মরণীয় হ্যাটট্রিক বুঝিয়ে দিয়েছিল, স্নায়ুচাপের চরম মুহূর্তেও তার পায়ের জাদুতে কোনো মরিচা পড়ে না। আর ২০২৬ সালের উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে এসে তিনি সেই ধারাকে নিয়ে গেলেন এক নতুন উচ্চতায়। এবারের আসরে ৮ ম্যাচে ১০ গোল ও ৪টি অ্যাসিস্ট অর্থাৎ মোট ১৪টি গোলে সরাসরি অবদান রেখে তিনি গড়েছেন এমন এক নজির, যা গত ৫৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে বিরল।
তবে এই রেকর্ডের পাহাড়ের নিচে লুকিয়ে আছে এক গভীর ফুটবলীয় দর্শন। এমবাপ্পে কেবল একজন স্ট্রাইকারই নন, তিনি আধুনিক ফুটবলের এমন এক অনন্য সৃষ্টি, যেখানে গতির সঙ্গে মিশে আছে নিখুঁত ড্রিবলিং আর ক্ষুরধার বুদ্ধিমত্তা। রিয়াল মাদ্রিদের জার্সিতে মৌসুমজুড়ে যে ফর্ম তিনি দেখিয়েছেন, তারই প্রতিফলন পড়েছে ফ্রান্সের নীল জার্সিতেও। মাঠের বাঁ প্রান্ত থেকে যখন তিনি বল পায়ে ভেতরে ঢুকে পড়েন, তখন প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য তা হয়ে ওঠে এক দুঃস্বপ্নের নামান্তর। উসমান দেম্বেলে কিংবা মাইকেল ওলিসেদের সঙ্গে তার বোঝাপড়া ফ্রান্সের আক্রমণভাগকে এক অপ্রতিদ্বন্দ্বী শক্তিতে রূপ দিয়েছে। দিদিয়ের দেশম যখন তার অধিনায়কের ওপর আস্থা রাখেন, তখন তার পেছনে থাকা কারণটিও বেশ স্পষ্ট, মাঠের ভেতরে এমবাপ্পের শান্ত নেতৃত্ব আর মাঠের বাইরে তার দায়িত্ববোধ।
অথচ এই ব্যক্তিগত সাফল্যের চূড়ায় দাঁড়িয়েও এমবাপ্পের কণ্ঠে ঝরে পড়ল এক অদ্ভুত মানবিক আক্ষেপ। মায়ামির সেই ম্যাচ শেষে যখন সাংবাদিকরা তাকে সর্বোচ্চ গোলদাতা হওয়ার অনুভূতি সম্পর্কে প্রশ্ন করেন, তিনি ব্যক্তিগত রেকর্ডের চেয়ে বরং ফাইনালে ওঠার আক্ষেপকেই বড় করে দেখেছিলেন। তার সেই সহজ স্বীকারোক্তি, ‘ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার চেয়ে আমি রবিবারের ফাইনাল খেলাটিই আমি বেছে নিতাম’।
বিশ্বকাপ তার কাছে কেবল গোলসংখ্যা বাড়ানোর জায়গা নয়, বরং ট্রফি জয়ের নেশায় বুঁদ হওয়ার এক অদম্য মঞ্চ। সামাজিক মাধ্যমে এমবাপ্পেকে ঘিরে নানা সমালোচনা বা বিতর্কের যে চিত্র প্রায়ই ভেসে ওঠে, তার সঙ্গে মাঠের এমবাপ্পের আকাশ-পাতাল তফাৎ। দেশম নিজেও জানিয়েছেন, জনমতের চাপে থাকা এই মানুষটি আসলে কতটা পরিপক্ব ও দলের প্রতি একনিষ্ঠ। দলের বিপর্যয়ের সময়ও যেভাবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, তা তরুণ প্রজন্মের খেলোয়াড়দের জন্য একটি দারুণ শিক্ষা। তিনি যখন জার্সি গায়ে মাঠে নামেন, তখন মনে হয় প্রতিটি অ্যাটাকই যেন পরিকল্পিত, প্রতিটি দৌড়ই যেন নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। তার এই লড়াকু মানসিকতাই তাকে ডিয়েগো ম্যারাডোনা কিংবা জিনেদিন জিদানদের কাতারে এক বিশেষ মর্যাদায় বসিয়েছে।
এখানেই তো আর শেষ নয়। মেসি-রোনালদোরা যখন বয়সটা ৪০ এর কাতারে এনে খেলছেন তাদের শেষ বিশ্বকাপ সেখানে এমবাপ্পের বয়সটা সবে ২৭। গোল-পর্বতের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই ফুটবলার ক্যারিয়ারের শেষভাগে গোলসংখ্যাকে ঠিক কোন উচ্চতায় নিয়ে যাবেন, তা নিয়ে এখন ফুটবল বিশেষজ্ঞদের মধ্যেও কৌতূহলের শেষ নেই। আগামী বিশ্বকাপগুলোতেও তিনি যদি বর্তমান ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারেন, তবে তার রেকর্ডগুলো হয়তো আগামী কয়েক দশক অটুট থাকবে। বিশ্বকাপের মাঠে তিনি কেবল একজন গোলদাতা নন, তিনি নিজেই এখন একটি ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে গোল করে তর্জনি উঁচিয়ে যে ইশারা দিলেন তাতে যেন বলে দিচ্ছে নতুন কোনো অধ্যায়ের আখ্যান, যার প্রতিটি ছত্রে মিশে আছে এক অদম্য ফরাসি সেনাপতির জয়গান। বিশ্বকাপ ফুটবলের দীর্ঘ পথচলায় এমবাপ্পে এক অনিবার্য নাম, যিনি ফুটবলকে প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন স্বপ্ন দেখতে নেই, স্বপ্ন পূরণ করতে হয়।