দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু ক্রীড়া ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটি দিতে গিয়ে হ-য-ব-র-ল অবস্থা এই সংস্থাটির। কমিটির কর্মকর্তাদের পদ লিখতে গিয়ে ভুল করেছে। আবার এক ফেডারেশনের সভাপতিকে অন্য ফেডারেশনের বলে চালিয়ে দিয়েছে। অন্যদিকে কমিটি ঘোষণার পরে আবার কোনো কর্মকর্তাকে বাদ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রজ্ঞাপনে (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০০১.২৪.৩০) সহসভাপতি করা হয়েছে সাবেক সাধারণ সম্পাদক রাসেল কবির সুমনকে। কিন্তু তার আগের পদবির জায়গায় লেখা রয়েছে টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক। যদিও তিনি ব্যাডমিন্টনের সাবেক চ্যাম্পিয়ন। কমনওয়েলথ গেমসে যাবে ভারোত্তোলন দল। সঙ্গে যাবেন সাবেক সভাপতি উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ। কিন্তু ক্রীড়া পরিষদের নোটিসে দেওয়া প্রজ্ঞাপনে (স্মারক নয়- ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০০২.২২.৮৮৯) তার নামের আগে লেখা হয়েছে শুটিং স্পোর্টস ফেডারেশনের সভাপতি। অন্যদিকে শনিবার দুপুরের প্রজ্ঞাপনে (স্মারক নং- ৩৪.০৩.০০০০.০০০.০০৪.৫৫.০০০১.২৪.৩২) কাবাডি ফেডারেশনের সহসভাপতি হিসেবে সাবেক ডিআইজি গাজী মোজাম্মেল হকের নাম দিলেও রবিবার তার নাম বাদ দিয়ে রাতে একই স্মারকে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়। যা অনেকের কাছেই দৃষ্টিকটু মনে হয়েছে। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, জাতীয় ক্রীড়া পরিষদের এহেন ভুল তাদের অনভিজ্ঞতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।