খুব বেশি দিন হয়নি দেশের হকিতে মেয়েদের নিয়মিত পথচলা। কিন্তু এই ক’দিনের মধ্যেই একের পর এক সাফল্য কুড়িয়ে আনছেন লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) মেয়েদের হকি অন্তর্ভুক্তির পর থেকেই এই সাফল্য আসতে শুরু করেছে। যার সর্বশেষ সংযোজন জুনিয়র এএইচএফ কাপে (এশিয়ান হকি ফেডারেশন কাপ) চ্যাম্পিয়ন শিরোপা জয়। শনিবার ওমানের মাসকাটে অনুষ্ঠিত টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সোনালি ট্রফি নিয়ে দেশে ফিরেছে লাল-সবুজের মেয়েরা। এবার তাদের জুনিয়র এশিয়ান কাপে শিরোপা জয়ের জন্য খেলবে। তবে তাদের লক্ষ্য আরও বড়। আগামী বছর রয়েছে জুনিয়র নারী বিশ^কাপ হকি। বৈশি^ক ওই আসরকেই পাখির চোখ করেছে বাংলাদেশ।
২০০৪ সাল থেকে মেয়েদের হকি শুরু। তবে টার্ফে নিয়মিত খেলা শুরু হয় মেয়েদের ২০১৯ সালে। ওই বছর ভারত থেকে দুটি দলকে এনে বাংলাদেশে খেলানো হয়। যার অগ্রভাগে ছিলেন তৎকালীন ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক তরিকুজ্জামান নান্নু। পরের বছর বিকেএসপিতে নারী হকি অন্তর্ভুক্ত হয়। খুলে যায় হকিতে মেয়েদের সাফল্যের দ্বার। ২০১৯ সালে এএইচএফ কাপে নবাগত মেয়েরা অংশ নিলেও পঞ্চম হয়েছিল। ২০২২ সালে অংশ নেয়নি। ২০২৪ সালে খেলে রানার্সআপ হয় লাল-সবুজের মেয়েরা। আর এবার অংশ নিয়ে আরও এক ধাপ এগিয়ে শিরোপা জিতে নেন শারিকারা। সেই সঙ্গে জুনিয়র নারী এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো খেলার যোগ্যতা অর্জন করে।
জুনিয়র নারী এশিয়া কাপের আগের আসরে প্রথমবার অংশ নিয়ে ১০ দলের মধ্যে সপ্তম হয়েছিল বাংলাদেশের মেয়েরা। এবার লক্ষ্য পাঁচ দলের মধ্যে থেকে জুনিয়র নারী বিশ^কাপে খেলা। আগামী ৩-১৩ সেপ্টেম্বর চীনের মোকিতে অনুষ্ঠিত হবে জুনিয়র নারী হকি এশিয়া কাপ। জানা গেছে, ওই আসরে শীর্ষ পাঁচ দলের মধ্যে থাকতে পারলেই মিলবে আগামী বছর জুনিয়র নারী হকি বিশ^কাপে খেলার টিকিট। বিষয়টি নিশ্চিত করেছেন হকি ফেডারেশনের বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান। এখন সেই প্রত্যাশা নিয়েই ঘাম ঝরাবেন লাল-সবুজের হকির জুনিয়র মেয়েরা। সিনিয়র মেয়েরা সেপ্টেম্বরে জাপানের আইচি-নাগোয়াতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছেন। এবার বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জনের পালা জুনিয়রদের।