একটা মুরগি বসে বসে
ডিমে দিচ্ছে তা,
কদিন পরে বাইরে এলো
রঙবেরঙের ছা।
হলুদ রঙের ছানা দেখে
চোখ জুড়িয়ে যায়,
ছোট্ট ঠোঁটে খুঁটে খুঁটে
খুদের দানা খায়।
মায়ের সাথে হেঁটে বেড়ায়
ছোট্ট ছোট্ট পায়ে,
ডানা দিয়ে যতন করে
আদর করে মায়ে।
মিলেমিশে থাকে তারা
করে নাকো দ্বন্দ্ব,
কিচিরমিচির সুরে ডাকে
আহা কী যে ছন্দ।