দুমকিতে বাড়ছে সড়ক দুর্ঘটনা, আহত ২ শিক্ষার্থী 

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম

পটুয়াখালীর দুমকিতে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। সর্বশেষ ঘটনায় সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ২ শিক্ষার্থী নেছার উদ্দিন আহাদ ও আলিফ আহমেদ রিজভী গুরুতর আহত হয়েছে। 

মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে পবিপ্রবি শাখা রূপালী ব্যাংক গেট এলাকায় একটি সিএনজি দুর্ঘটনায় তারা আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি। ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালককে শনাক্তে কাজ চলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত অভিযান জোরদার করা হবে। 

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, লেবুখালী-বগা সড়কে অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। চালকদের লাইসেন্স ও গাড়ির কাগজপত্র যাচাইয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের অভিযোগ, লেবুখালী-বগা রুটে দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোর দৌরাত্ম্য চললেও কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছে সাধারণ মানুষ।

সচেতন মহল বলছে, দুর্ঘটনার পর তদন্তে সীমাবদ্ধ না থেকে আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। অদক্ষ চালক ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান এখন সময়ের দাবি।

এলাকাবাসীর দাবি, এই রুটে চলাচলকারী সব যানবাহনের ফিটনেস, কাগজপত্র ও চালকদের বৈধ লাইসেন্স যাচাই করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সড়কে নজরদারি ও মোবাইল কোর্ট বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

নিরাপদ সড়ক নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, আর কোনো মায়ের বুক যেন সন্তানের দুর্ঘটনার খবরে ভারী না হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত