জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) আয়োজিত ‘জুলাই ডায়লগ-২০২৬' অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর প্যারিসে। স্মৃতি সংস্কার ও ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতি ও অর্জন, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক ভবিষ্যৎ এবং প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
শুক্রবার (১৪ আগস্ট) পন্তা এলাকার একটি অভিজাত হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিজেএ সমন্বয়ক ও দৈনিক নয়াদিগন্তের ফ্রান্স প্রতিনিধি মোহাম্মদ মাহবুব হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের মুখপাত্র ও ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য দেন এফবিজেএর সহ-মুখপাত্র ও কালের কণ্ঠের ফ্রান্স প্রতিনিধি তানভীর আহমেদ তোহা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম, এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম।
বক্তারা জুলাই আন্দোলনের পটভূমি, আন্দোলনের অর্জন, ভবিষ্যৎ বাংলাদেশের কাঙ্ক্ষিত সংস্কার এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সেই স্বপ্ন বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করার পাশাপাশি ধারাবাহিক রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।
এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশের নাগরিকদের উন্নত বিশ্বের নাগরিকদের মতো সুযোগ-সুবিধা নিশ্চিত না হওয়া পর্যন্ত পরিবর্তনের সংগ্রাম অব্যাহত থাকবে। রাষ্ট্রের বিদ্যমান কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন এবং কাঠামোগত সংস্কার বাস্তবায়নকে তিনি জুলাই আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদ্য বিদায়ী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আন্দোলনের পরও দেশের বাইরে থেকে বিভিন্ন ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে ঐক্য আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম জুলাই আন্দোলনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি বলেন, আন্দোলনের সময় দেশের বাইরে অবস্থান করেও প্রবাসীরা বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরাও আন্দোলনের পক্ষে সক্রিয় ছিলেন। পাশাপাশি ফরাসি গণমাধ্যমে জুলাই আন্দোলনের খবর প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার সুযোগ তৈরি হয়।
অনলাইন অ্যাক্টিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য বলেন, বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যা দেখা দিচ্ছে। তাঁর মতে, দুর্বল শাসনব্যবস্থার সুযোগ নিয়ে পতিত শক্তি অতীতকে ইতিবাচক হিসেবে তুলে ধরার প্রচারণা চালাতে পারে। জুলাইয়ের অর্জনকে সংহত করতে আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে কার্যকর ঐক্যের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সেমিনারে জুলাই আন্দোলনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবাসে সাংবাদিকতার দায়িত্ব ও বাস্তবতা নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও গণতান্ত্রিক পরিবর্তনের খবর আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একই সঙ্গে প্রবাসী সমাজ ও গণমাধ্যমের মধ্যে আরও কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন আবুল খায়ের লস্কর, কাজী আবদুল্লাহ আল মামুন, এম এ মান্নান আজাদ, জুনেদ আহমেদ, মনোয়ার পাটোয়ারী, কাউসার আহমেদ, ফারুক আহমেদ, মো. আলী, কবি সোহেল আহমেদ, অ্যাক্টিভিস্ট আজিমুল হক খান, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, মহসিন আল আবিদ, আরাফাত রহমান, মোহাম্মদ আরিফ ও ব্যবসায়ী শহিদুল ইসলামসহ অনেকে।
গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এটিএন নিউজের রুবাইয়া আক্তার সুবর্ণা, লাতিন বাংলার দুলাল মিয়া এবং এনটিভি ইউরোপের আবদুল্লাহ আল মামুন।
এফবিজেএর সদস্যদের মধ্যেও জুলাই আন্দোলনের স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়। বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট নিয়াজ মাহমুদ, দৈনিক যুগান্তরের ফ্রান্স প্রতিনিধি সরদার হাসান ইলিয়াছ তানিম, ডেইলি সানের ফ্রান্স প্রতিনিধি মুমিন আনসারী, বাংলা ভিশনের ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত, কালবেলার ফ্রান্স প্রতিনিধি মামুন মাহিন, পিএনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম, লেখক হাবিবুল্লাহ ফাহাদ এবং ফ্রিল্যান্স সাংবাদিক আবদুল্লাহ আল মামুন।
আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ও অর্জনকে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা আরও কার্যকর করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও পরিবর্তনের বার্তা তুলে ধরতে গণমাধ্যমের দায়িত্বের বিষয়টিও গুরুত্ব পায়। এফবিজেএর উদ্যোগে আয়োজিত ‘জুলাই ডায়লগ-২০২৬’ প্রবাসে জুলাই আন্দোলনের স্মৃতি, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়।