সাফ জিতলে সর্বোচ্চ উপহার : আমিনুল

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:৩২ এএম

দীর্ঘ ২৩ বছর পর আবারও সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। ঘরের মাঠে আসন্ন টুর্নামেন্টে শিরোপা জিততে পারলে জাতীয় দলের ফুটবলারদের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ উপহার থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বর্তমান দলকে নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেছেন, বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য রয়েছে। রবিবার ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়ন এবং ২০১০ সালের সাফ গেমসের স্বর্ণজয়ী দলের মধ্যে আয়োজিত একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিয়ে এসব কথা বলেন আমিনুল হক। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে উৎসাহিত করতেই সাবেক দুই চ্যাম্পিয়ন দলের এই আয়োজন।

আমিনুল হক নিজেও বাংলাদেশের ফুটবলের দুটি ঐতিহাসিক সাফল্যের অংশ ছিলেন। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের সময় গোলরক্ষক এবং ২০১০ সালে সাফ গেমসে স্বর্ণজয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। আগামী ৫ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি যে ঢাকার মাটিতে অনুষ্ঠিত সেই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারও মোস্ট ফেভারিট টিম হয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করবে। সেই শুভকামনা বাংলাদেশ দলের প্রতি রইল। আশা করছি বাংলাদেশ দল যদি চ্যাম্পিয়নশিপ অর্জন করে, ইনশা আল্লাহ বাংলাদেশ দলের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে একটি সর্বোচ্চ উপহার থাকবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দলকে চ্যাম্পিয়ন হতে হলে ফাইনালে যেতে হবে, ফাইনালে যে প্রতিপক্ষ থাকবে, তাকে হারাতে হবে। প্রতিপক্ষ কে, সেটি বিচার করলে কিন্তু আমরা ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারব না। আমি মনে করি, বাংলাদেশ দল নিজেদের সেরা পারফরম্যান্স দিয়ে মাঠে নামবে এবং প্রতিটি ম্যাচেই সর্বোচ্চটা দেবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত