ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যাচেষ্টার মামলায় নায়িকা পরীমণিকে জামিন দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি ম্যাজিস্ট্রেট আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত বুধবার এ মামলার সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে পরীমণি হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান। ওই দিন পরীমণির আইনজীবী জানান, এলার্জিজনিত শারীরিক সমস্যার কারণে পরীমণি আদালতে আসতে পারেননি।
এর ধারাবাহিকতায় গতকাল কয়েকজন নিরাপত্তারক্ষী নিয়ে আদালতে আত্মসমর্পণ করেন পরীমণি। এদিকে পরীমণির হাজিরাকে কেন্দ্র করে গতকাল আদালত অঙ্গনে বিশৃঙ্খলার ঘটনা ঘটে। তার বিরুদ্ধে সাংবাদিককে হেনস্থা, গালি ও তার নিরাপত্তারক্ষীর ধাক্কায় একজন বিচারপ্রত্যাশীর মাথায় আঘাত পাওয়ার অভিযোগ উঠেছে। একই মামলায় গত ২৯ সেপ্টেম্বর শুনানির দিনে পায়ে ব্যথার কারণে পরীমণি আদালতে আসেননি বলে জানিয়েছিলেন তার আইনজীবী।
গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আত্মসমর্পণ করে জামিন নিতে আদালত অঙ্গনে পৌঁছান পরীমণি। এ সময় অন্তত ১০ জন কালো পোশাক পরিহিত ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাকে ঘিরে রাখে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে সংশ্লিষ্ট আদালতের এজলাসের উদ্দেশে রওনা হন পরীমণি। সাংবাদিকরা ছবি ও ভিডিও করতে গেলে নিরাপত্তারক্ষীরা ধাক্কাধাক্কি করেন। একপর্যায়ে আদালত ভবনের লিফটে ওঠার সময় ভিডিও করতে গেলে সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন পরীমণি।
ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমানের আদালতে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী পরীমণির জামিন চেয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন। এদিকে পরীমণি জামিন নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। এ সময় আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা সুজন চন্দ্র মনি দাস নামে এক বিচারপ্রার্থী মাথায় আঘাত পান। তার মাথা থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়।
২০২২ সালের ৬ জুলাই ঢাকার একটি আদালতে এ মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন। মামলার তদন্ত শেষে পিবিআই ২০২৪ সালের ১৮ মার্চ আদালতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। গত বছরের ২৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। একই ঘটনায় নাসির উদ্দিনসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি একটি মামলা করেন। এ মামলাটি ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।