সংবাদ সম্মেলনে বিজিবিএ

শ্রমিক আন্দোলনে ৪ হাজার কোটি টাকার ক্ষতির শঙ্কা

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ এএম

তৈরি পোশাকশ্রমিকদের চলমান মজুরি আন্দোলনে দেশের তৈরি পোশাকশিল্পে ৩ থেকে ৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে মনে করছে সংগঠনটি। এর প্রভাব শুধু তৈরি পোশাকশিল্পে সীমাবদ্ধ থাকবে না; পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকসসহ দেশের সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিবিএর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা।

লিখিত বক্তব্য বিজিবিএর সভাপতি মো. আবদুল হামিদ বলেন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি অত্যন্ত যৌক্তিক। এ বিষয়ে নিম্নতম মজুরি বোর্ডের কার্যক্রম চলছে। সংশ্লিষ্ট সব পক্ষের আলোচনার মাধ্যমে এমন একটি সময়োপযোগী মজুরি কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। চলমান অস্থিরতায় নতুন পণ্যের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি প্রস্তুত পণ্য নির্ধারিত সময়ে জাহাজীকরণ করা যাচ্ছে না। ফলে রপ্তানি কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হচ্ছে। আগামী মৌসুমের পণ্য সময়মতো সরবরাহ করা সম্ভব না হলে বাড়তি ব্যয়ে উড়োজাহাজে পণ্য পাঠাতে হতে পারে। একই সঙ্গে বিদেশি ক্রেতাদের কাছ থেকে মূল্যছাড়ের চাপও আসতে পারে।

বিজিবিএ সভাপতি বলেন, সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ব্যবসায়িক বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে অনেক আন্তর্জাতিক ক্রেতা বাংলাদেশ থেকে নতুন ক্রয়াদেশ দেওয়ার ক্ষেত্রে সতর্ক ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছেন। কিছু ক্ষেত্রে ক্রয়াদেশের পরিমাণও কমেছে। এ প্রবণতা অব্যাহত থাকলে সরাসরি উৎপাদনকারী কারখানাগুলো ক্ষতিগ্রস্ত হবে। এতে শিল্পের উৎপাদন সক্ষমতা ও রপ্তানি আয় কমার পাশাপাশি অসংখ্য শ্রমিকের জীবিকা হুমকির মুখে পড়বে। এ সময় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি রোমান মিয়া, এমদাদুল হক মিয়াজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত