মেঘনা-গোমতী সেতুতে ত্রুটি, বন্ধ চট্টগ্রামমুখী দুই লেন

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ এএম

কুমিল্লার দাউদকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি দেখা দিয়েছে। অতিরিক্ত কম্পনের কারণে নিরাপত্তার স্বার্থে সেতুটির চট্টগ্রামমুখী দুটি লেন বন্ধ রেখে মেরামতের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। বিকল্প হিসেবে পাশের নতুন দুই লেনের সেতু দিয়ে ঢাকা ও চট্টগ্রাম উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ফলে যান চলাচল ছিল স্বাভাবিক। গতকাল সোমবার ভোররাত থেকে চট্টগ্রামমুখী সেতুটি বন্ধ রাখা হয়।

দাউদকান্দি টোল প্লাজা ও সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, চট্টগ্রামমুখী সেতুর কুমিল্লা অংশের বিয়ারিং প্যাডে অতিরিক্ত কম্পন দেখা দেওয়ায় নিরাপত্তার স্বার্থে দুই লেন বন্ধ রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দল পরিদর্শনের পর ত্রুটির ধরন ও মেরামতে কত দিন সময় লাগবে, তা নিশ্চিত হওয়া যাবে। গতকাল সোমবার বিকেলে সেতু রক্ষণাবেক্ষণকারী দলের প্রতিনিধিরা পরিদর্শনে আসেন। দ্রুত সময়ের মধ্যে ত্রুটি মেরামতের উদ্যোগ নেওয়া হবে। বিকল্প সেতু দিয়ে উভয়মুখী যানবাহন চলাচলের ব্যবস্থা থাকায় বড় ধরনের যানজট বা ভোগান্তির আশঙ্কা নেই।

সর্বশেষ সর্বাধিক পঠিত