থ্রিলার, কমেডি ও ড্রামার বাইরে এবার ফ্যাশনভিত্তিক কনটেন্ট নিয়ে আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। তরুণদের আলোচিত ফ্যাশন আয়োজন ‘আরকা’স নেক্সট মডেল’-এর তিন পর্বের সিরিজটি ২৫ নভেম্বর রাত ১২টা থেকে দেখা যাবে প্ল্যাটফর্মটিতে।
২০২৫ সালে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন মডেলরা। ঐতিহ্যবাহী জামদানিকে প্রতিপাদ্য করে আয়োজিত আসর থেকে বাছাই করা হয় সেরা ১০ জনকে। এতে উঠে এসেছে তরুণদের ফ্যাশন ভাবনা, দেশীয় পোশাক, ডিজাইন ও ক্যাটওয়াকের নানা দিক।
২০২৩ সালে যাত্রা শুরু করা ‘আরকা’র লক্ষ্য বাংলাদেশের ফ্যাশন ও নকশাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। আয়োজনটির পরিচালক আসাদ সাত্তার জানান, এখান থেকে প্রতি বছর নতুন মডেলরা কাজের সুযোগ পাচ্ছেন। চরকির সিইও রেদওয়ান রনিও মনে করেন, দেশের ফ্যাশনশিল্প নিয়ে এমন কনটেন্ট দর্শকদের ভিন্ন অভিজ্ঞতা দেবে।