হাসিনার ফেরার ইচ্ছা বিমানে, সরকার চায় হাতকড়ায়

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ এএম

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আকাশপথে দেশে ফিরতে চান। তার একজন মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স গতকাল মঙ্গলবার সকালে এক প্রতিবেদনে বলেছে তিনি রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

শেখ হাসিনার এর আগে ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাতে এই ডিসেম্বরে দেশে ফেরার কথা বললেও এবারই প্রথম  নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালত মানবতাবিরোধী অপরাধে তার অনুপস্থিতিতে মৃত্যুদ- দিয়েছে।

শেখ হাসিনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফিরতে চাইলে তাকে কী প্রক্রিয়ায় আনা হবে, সে বিষয়ে সরকারের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে।    সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে, তিনি ফিরলে তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের মাধ্যমেই ফিরতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কূটনৈতিক চ্যানেলে দেশটির সরকারকে অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে গতকাল মঙ্গলবার বলেন, ‘তাকে (শেখ হাসিনা) শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।’

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী এবং এ বিষয়ে জনগণকে অবহিত করা হবে। শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ক্ষেত্রে প্রত্যর্পণই একমাত্র পথ বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া একজন সন্ত্রাসীকে কখনো এভাবে ফেরার অনুমোদন দেওয়া হবে না।’

মিশনে গেলেই গ্রেপ্তার : অন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের বলেন, দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।

ভারত সরকারের সঙ্গে অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক যোগাযোগ আছে জানিয়ে তিনি বলেন, হাদির (ওসমান হাদী) হত্যাকারী এবং জুলাই-আগস্টে যারা খুন-গুম করেছে, রক্ত ঝরিয়েছে, যারা খুনের অর্ডার দিয়েছে, যারা ভারতসহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে, তাদের সবাইকে বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় ফেরত আনা হবে।

ফেরার আলোচনা ভারতের সঙ্গে : শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে শুধুমাত্র ভারত সরকারের সঙ্গেই আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল তার সাঙ্গপাঙ্গসহ তাদের (ভারত সরকারের) আশ্রয়ে আছেন। বিচারপ্রক্রিয়া  শেষে দোষী সাব্যস্ত হয়ে তিনি শাস্তি পেয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কী আসবেন না, তিনি বাংলাদেশ বিমানে আসবেন না ওদের বিমানে আসবেন; নাকি হেঁটে বাংলাদেশে আসবেন, কীভাবে হস্তান্তর হবে এই আলোচনা ভারতের সঙ্গে নির্ধারিত হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা যদি আসতেই চান, ভারত ‘খুশি মনে’ তাকে প্রত্যর্পণ করা উচিত। কারণ যিনি আসামি, তিনি নিজেই চাচ্ছেন বাংলাদেশে আসতে।

ডা. জাহেদ বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস বলছেন না, আসার পর ওনাকে প্রাইম মিনিস্টার হিসেবে এখানে দায়িত্ব দিতে হবে। আমি দেখেছি, ভারতের কেউ কেউ বলেন যে, উনি নাকি এখনো প্রাইম মিনিস্টার। আমরা দাওয়াত কার্ড পাঠিয়ে রাখি উনি তাও চান কি না, জানি না। জোকস অ্যাপার্ট। আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই।’

শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণ করতে হবে এমনটি উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিনি মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত একজন মানুষ, মৃত্যুদণ্ড পেয়েছেন। ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে তার মৃত্যুদণ্ড কার্যকর করার অপেক্ষা করছে বাংলাদেশ। তিনি যেখানে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের (ভারত) কাছে আনুষ্ঠানিক অনুরোধ দেওয়া আছে, তাকে যেন হস্তান্তর করা হয়। তাকে হস্তান্তরের বিষয় চূড়ান্ত করা হলে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি তিনি ভারতের বিমানে আসবেন, তা পরে ঠিক করা হবে।

আসছে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও দলীয় নেতা-কর্মীদের কার্যকলাপকে সরকার কীভাবে দেখছে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, ডিসেম্বর নিয়ে এক ধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকানো বিজিবির নিয়মিত দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

চিফ প্রসিকিউটর : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদ-প্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর ফিরতে চাওয়ার ইচ্ছাকে উন্মাদনা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল, এটা হাস্যকর।’ গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলাতক হিসেবে ঘোষণা করে বিচার চলছে এমন আসামিরা দিল্লিতে প্রেস কনফারেন্স করছেন, বাংলাদেশের সীমান্ত আসছেন, বাংলাদেশ সরকারের এখানে ব্যর্থতা আছে কি না এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, ‘বাংলাদেশের ভূখ-ের ভেতরে তো তারা কিছু করছেন না।’

তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই। তাদের (আওয়ামী লীগের নেতারা) কর্মকা-ের মধ্য দিয়ে যদি বাংলাদেশ আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে  সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত