ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বৃদ্ধির দাবিতে গতকাল মঙ্গলবার গাজীপুরে দিনভর দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে শ্রমিকদের। পরিস্থিতি বিবেচনায় শতাধিক কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ।
অন্যদিকে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত ছিল। তবে সার্বিক পরিবেশ স্বাভাবিক থাকলেও আশুলিয়া শিল্পাঞ্চলে এদিনও ৫১টি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা বৃদ্ধির দাবিতে ৭টি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানায় কর্মবিরতি পালন করছেন এবং ২৪ কারখানা কর্তৃপক্ষ মঙ্গলবারের মতো কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া শ্রম আইন ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ২০টি পোশাক কারখানা।
গাজীপুর : পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেন শ্রমিকরা। বেশ কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ঘটে ধাওয়া- পাল্টাধাওয়া। মহানগরীর কোনাবাড়ি ইসলাম গার্মেন্টসে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। পরে ওই গার্মেন্টস ও আশপাশের বেশ কয়েকটি কারখানার সাধারণ ছুটি দেওয়া হয়। এরপরই মৌচাক তেলিরচালা এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। একইভাবে গাজীপুরের সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে।
বেলা ১১টার পর বাঘের বাজারের নতুন বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। দুপুর ১২টার দিকে গাজীপুরের ভোগরা বাইপাস, চৌরাস্তা এলাকায় শ্রমিকরা ফের অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে। দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় সড়ক অবরোধ চলে। গাজীপুর মহানগরীর বোর্ডবাজার, টঙ্গী, গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে গাজীপুরা বাসস্ট্যান্ডে থাকা পুলিশ বক্সে আগুন দেয়, ভাঙচুর করে। পরে পুলিশ, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। পরে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
জেলার শ্রীপুরে গতকাল সকালে দুই দফা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন ক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়। দুপুরের পর একদল শ্রমিক লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে পৌরসভার মাধখলা এলাকার ইশরাক স্পিনিং মিলে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ভেতরে কর্মরত শ্রমিকরা কারখানার পেছনের গেট দিয়ে বের হয়ে প্রাণে বাঁচেন। একই ঘটনা ঘটেছে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হ্যামস গার্মেন্টসে। মিছিল নিয়ে বহিরাগত শ্রমিকরা কারখানার প্রধান গেটে হামলা করলে কারখানার কর্মকর্তারা পেছনের পকেট গেট দিয়ে পালিয়ে যান। এরপর হ্যামস ভিক্টোরিয়াসহ আশপাশের অন্তত ১০টি কারখানা ছুটি দিয়ে দেয়।
হ্যামস গার্মেন্টসের ডাইং সেকশনের শ্রমিক জিয়াউল ইসলাম জানান, সকালে শান্ত পরিবেশে সবাই কাজে যোগ দেন। দুপুরের পর বহিরাগত দলবদ্ধ শ্রমিক কারখানায় হামলা চালায়। তিনি বলেন, গার্মেন্টস শিল্প ধ্বংস করতে একটি মহল উঠেপড়ে লেগেছে। আমরা শান্তি চাই। সবার আগে শিল্প বাঁচানো জরুরি। হামলা-ভাঙচুর সবার ক্ষতি। আশা করি মুজরি বৃদ্ধির সিদ্ধান্ত নিশ্চিত হলে পরিস্থিতি স্বাভাবিক হবে।
এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে কেওয়া ফখরুদ্দিন মোড় গাড়ো পাড়া এলাকায় পুলিশ-শ্রমিক দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। একসময় আশপাশ রণক্ষেত্রে পরিণত হয়। শ্রীপুর-মাস্টারবাড়ি আঞ্চলিক সড়ক বন্ধ হয়ে পড়ে। সংঘবদ্ধ শ্রমিকদের সরাতে কাঁদানে গ্যাস ছোড়া হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শ্রমিক বিক্ষোভের কারণে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৭০ থেকে ৮০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য ৩২টি কারখানা বন্ধ রয়েছে। বেশ কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটেছে।
সাভার-আশুলিয়া : আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ স্বাভাবিক থাকলেও গতকালও ৫১টি পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৭টি কারখানার শ্রমিকরা কাজ না করে কারখানায় কর্মবিরতি পালন করছে এবং ২৪ কারখানা কর্তৃপক্ষ আজকের মতো তাদের কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া শ্রম আইন ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ২০টি পোশাক কারখানা।
বিকেলে সাভার শিল্পাঞ্চলের হেমায়েতপুরের পদ্মার মোড়ে ১টি পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ তাদের গিয়ে বোঝায়। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে বাড়ি চলে যান।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন গাজীপুর, শ্রীপুর (গাজীপুর) ও সাভার (ঢাকা) প্রতিনিধি]