টুঙ্গিপাড়ায় সহিংসতার দুই মামলায় আসামি ১৩০৩৪

পুলিশের মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং বিজিবির দায়ের করা তদন্তকারী কর্মকর্তা মো. শুকুর আলী গণমাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করেন।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ এএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। এর মধ্যে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৮ হাজার জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

অন্যদিকে, নিলফা খালেক বাজার এলাকায় ককটেল বিস্ফোরণ, বিজিবির সদস্যদের ওপর হামলা ও সরকারি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিজিবি। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ ও ২৩ নভেম্বর বিজিবির নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম এবং বিজিবির দায়ের করা তদন্তকারী কর্মকর্তা মো. শুকুর আলী গণমাধ্যমকে বিষয়গুলো নিশ্চিত করেন।

পুলিশের মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে সংঘবদ্ধ একটি দল বেআইনিভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় খুনের উদ্দেশে মারধর করে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। একপর্যায়ে থানার অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। একই সঙ্গে সরকারি গাড়ি, থানা ভবন ও পুলিশ ব্যারাকসহ বিভিন্ন সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।

মামলার ক্ষয়ক্ষতির বিবরণীতে বলা হয়েছে, থানার অস্ত্রাগার থেকে একটি এলএমজির ১০০ রাউন্ড গুলি, আটটি ৭.৬২ চায়না রাইফেল ও ২৮১ রাউন্ড গুলি, ১১টি শটগান ও ৬৬৯ রাউন্ড রাবার কার্তুজ, দুটি গ্যাসগান ও ২৮টি গ্যাস সেল লুট করা হয়।

এ ছাড়া আটটি ৯ এমএম পিস্তল, ২২টি ম্যাগাজিন ও ১৯৮ রাউন্ড গুলি, একটি ৭.৬২ পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২৬ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজি, ছয়টি ম্যাগাজিন ও ১৫০ রাউন্ড গুলি লুটের তালিকায় রয়েছে। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ অন্যান্য সম্পত্তির ক্ষতি মিলিয়ে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২১ কোটি টাকা বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, নিলফা খালেক বাজার এলাকায় সহিংসতার ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা করা হয়েছে। গত ২৩ নভেম্বর বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫ হাজার জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণীতে বলা হয়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে এ ঘটনা ঘটে। এতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘবদ্ধভাবে বেআইনি জনতাবদ্ধে সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়। কর্তব্যরত বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশে হামলা করে সাধারণ ও গুরুতর জখম করা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ এবং সরকারি মালামাল ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সর্বাধিক পঠিত