খুলনায় সশস্র সন্ত্রাসীদের দাপট ও একের পর এক হত্যাকাণ্ড নিয়ে এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা প্রশ্ন রেখেছিলাম, খুলনা কি দেশের কোনো বিচ্ছিন্ন জনপদ! সেই প্রশ্নই ফের দাঁড়িয়েছে। ২৬ নভেম্বর ‘৯ সশস্ত্র গ্রুপের হাতে জিম্মি খুলনা, চাঁদা না দিলেই গুলি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে প্রকাশ্যে চাঁদাবাজি, চাঁদা না দিলে গুলি এবং একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় খুলনার ব্যবসায়ী ও সাধারণ মানুষ আতঙ্ক ও জিম্মি দশায় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য ও সাম্প্রতিক অপরাধের চিত্র বিশ্লেষণ করে ওই প্রতিবেদনেই বলা হয়েছে, খুলনার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন ৯টি সন্ত্রাসী গ্রুপ। মহানগরী ও আশপাশের এলাকায় খুন, মাদক ব্যবসা, দখলবাজি এবং চাঁদাবাজির নেপথ্যে সক্রিয় রয়েছে এই গ্রুপগুলো। এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো বিশেষ পুলিশের ব্যর্থতার প্রসঙ্গটি সামনে আসে।
খুলনায় সন্ত্রাসীদের উত্থান ও তাদের সক্রিয়তা সম্পর্কে পুলিশসহ অন্য আইনশৃঙ্খলা বাহিনীগুলো অবগত থাকা সত্ত্বেও কেন তাদের শিকড় উৎপাটন করা যাচ্ছে না, কোথায় তাদের খুঁটির জোর, অবৈধ অস্ত্রেরইবা উৎস কী এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার দায়দায়িত্ব যাদের তাদের নিরুত্তর থাকার অবকাশ নেই। তারা জনজীবনে ত্রাসের কারণ ব্যাখ্যা করতে পারেন অথচ এর কোনো দৃষ্টান্তযোগ্য প্রতিবিধান করতে পারছেন না, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশ রূপান্তরের অনুসন্ধানে উঠে এসেছে, বড় সন্ত্রাসী গ্রুপগুলো বিভিন্ন এলাকায় সাব-কমিটি গঠন করে চাঁদা সংগ্রহ করে। কিস্তিতে আদায় করা হয় চাঁদার টাকা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। কোনো কোনো এলাকায় তা গিয়ে ঠেকেছে চরম পর্যায়ে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, বাড়িতে গুলি কিংবা সরাসরি হত্যার মতো ঘটনা ঘটছে। ভয়ে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছেন এবং পুলিশের কাছে অভিযোগ করতেও সাহস পাচ্ছেন না এই বার্তাগুলো দেশের একটি জনপদের কোনো স্বাভাবিক চিত্র হতে পারে না। পুনর্বার আমরা দায়িত্বশীলদের জবাবদিহির দাবি জানাই।
আমরা জানি, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ খুলনা এক সময় চরমপন্থিদের অভয়ারণ্য ছিল। আমাদের স্মরণে আছে, ২০০৩ সালের ২৫ আগস্ট সকালে খুলনার শামসুর রহমান রোডে বাসা থেকে রিকশায় করে আদালতে যাওয়ার পথে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম বোমা ও গুলির হামলায় নিহত হন। এ ঘটনায় তার সহকর্মী অ্যাডভোকেট বিজন বিহারী মণ্ডল এবং রিকশাচালকও প্রাণ হারান। এরপরও খুনের ঘটনা আরও ঘটেছে। নিকট অতীতে দেশ রূপান্তরের প্রতিবেদনেই উঠে এসেছে, গত জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত সাড়ে ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় অন্তত ৭৯টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি খুনের শিকার হয়েছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পুলিশের অপরাধ শাখা ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, খুলনায় সংঘটিত ৭৯টি হত্যাকাণ্ডের মধ্যে মহানগর এলাকায় ৩৯ এবং মহানগরের বাইরে ৪০ জন নিহত হন। এর মধ্যে ২৫ জনকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। বাকিদের ধারালো অস্ত্র দিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।
এমন প্রেক্ষাপটে খুব সহজেই অনুমেয়, কী ভয়াবহ আতঙ্কের নগরী হয়ে দাঁড়িয়েছে খুলনা। ভৈরব নদ ও রূপসা নদীর তীরে অবস্থিত খুলনার নদ-নদী দিয়ে উল্লিখিত ঘটনাগুলোর পর অনেক পানি প্রবাহিত হয়েছে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। আমরা মনে করি, খুলনায় পুলিশ ও অনান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানের পাশাপাশি রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সামাজিক প্রতিরোধ জোরদার করার বিকল্প নেই। অভিযোগ আছে, পুলিশের যথাযথ সক্রিয়তার অভাবে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। আমরা এও মনে করি, উত্থাপিত অভিযোগ খতিয়ে দেখে তাদের দায়বদ্ধতা নিশ্চিত করা জরুরি। অপরাধীদের শনাক্ত করার পরও যদি অভিযুক্তদের আইনের আওতায় আনার ক্ষেত্রে গড়িমসি লক্ষণীয় হয়, তাহলে এর দায় কার? একই সঙ্গে আমরা এও খতিয়ে দেখার ফের তাগিদ দিই, দায়িত্বশীল মহলের অসাধুদের সঙ্গে সমাজবিরোধীদের যোগসাজশ আছে কিনা। কোনো কোনো ক্ষেত্রে এসব ব্যাপারে আমাদের অভিজ্ঞতা প্রীতিকর নয়। অপরাধী চক্রের শিকড় উৎপাটনে প্রশাসনের সমন্বিত পদক্ষেপের যেমন বিকল্প নেই, তেমনি এ ব্যাপারে কালক্ষেপণেরও নেই কোনো অবকাশ।