দাম্পত্য জীবনে ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম হলো সুন্দর কথা। জীবনসঙ্গীর সঙ্গে প্রতিদিনের কথাবার্তা, সম্বোধন ও প্রশংসা সম্পর্কের গভীরতায় প্রভাব ফেলে। একটি কোমল বাক্য অভিমান ভাঙাতে পারে। আবার একটি কটু কথা দীর্ঘদিনের ভালোবাসার সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। সংসারে মতপার্থক্য থাকবে, ভুল বোঝাবুঝি হবে, কখনো রাগ-অভিমানও তৈরি হবে। তবে এসব পরিস্থিতিতে স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে কেমন ভাষায় কথা বলছেন, তার ওপর অনেকটাই নির্ভর করে পারিবারিক শান্তি ও সম্পর্কের স্থায়িত্ব। ইসলাম দাম্পত্য জীবনে ভালোবাসা, দয়া, সম্মান ও উত্তম আচরণের শিক্ষা দিয়েছে।
প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর দাম্পত্য জীবন ছিল ভালোবাসা ও কোমল আচরণের অনন্য দৃষ্টান্ত। তিনি স্ত্রীদের সঙ্গে সুন্দর ভাষায় কথা বলতেন। তাদের অনুভূতিকে গুরুত্ব দিতেন এবং স্নেহপূর্ণ সম্বোধনে ভালোবাসা প্রকাশ করতেন। আয়েশা (রা.)-এর প্রতি তার ভালোবাসার একটি সুন্দর প্রকাশ পাওয়া যায় তাকে সম্বোধনের ক্ষেত্রে। নবীজি (সা.) কখনো আয়েশা (রা.)-কে ‘আয়িশ’ বলে ডাকতেন। আয়েশা (রা.) বর্ণনা করেন, একদিন রাসুলুল্লাহ (সা.) তাকে বললেন, ‘হে আয়িশ! জিবরাইল (আ.) তোমাকে সালাম জানিয়েছেন। (সহিহ বুখারি) এখানে ‘আয়িশ’ ছিল আয়েশা নামের স্নেহপূর্ণ সংক্ষিপ্ত রূপ।
আয়েশা (রা.)-কে ‘হুমাইরা’ বলেও সম্বোধন করার একটি বর্ণনা পাওয়া যায়। সুনানে নাসায়ির বর্ণনায় এসেছে, একবার হাবশিরা খেলা করছিলেন। নবীজি (সা.) আয়েশা (রা.)-কে বললেন, ‘হে হুমাইরা! তুমি কি তাদের খেলা দেখতে চাও?’ এরপর তিনি আয়েশা (রা.)-কে নিজের পাশে দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ দেন। ‘হুমাইরা’ শব্দটি সাধারণত লালচে আভাযুক্ত সুন্দরী বা গোলাপি গালের অধিকারী অর্থে ব্যবহৃত হয়। বর্ণনাটিতে নবীজি (সা.)-এর স্নেহপূর্ণ সম্বোধন ও স্ত্রীর প্রতি আন্তরিকতার একটি সুন্দর দিক ফুটে উঠেছে।
নবীজি (সা.)-এর এই আচরণ থেকে বোঝা যায়, দাম্পত্য জীবনে স্নেহপূর্ণ সম্বোধনের বিশেষ গুরুত্ব রয়েছে। স্বামী-স্ত্রী একে অপরকে ভালোবেসে ডাকবেন, প্রশংসা করবেন এবং আন্তরিকতার সঙ্গে কথা বলবেন। এতে সম্পর্কের মধ্যে আন্তরিকতা তৈরি হয়। জীবনসঙ্গীর ছোট ছোট কাজের প্রশংসা করা, তার পরিশ্রমের
স্বীকৃতি দেওয়া কিংবা মন খারাপের সময় সান্ত্বনা দেওয়াও ভালোবাসার প্রকাশ। এসব আচরণে সংসারে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস বাড়ে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমরা তাদের সঙ্গে সদ্ভাবে জীবনযাপন করো।’ (সুরা নিসা ১৯) এই নির্দেশনা স্বামীদের প্রতি স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণের শিক্ষা দেয়।
অন্যদিকে সুরা রুমের ২১ নম্বর আয়াতে স্বামী-স্ত্রীর সম্পর্কের উদ্দেশ্য তুলে ধরে আল্লাহ বলেন, তিনি তাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। অর্থাৎ দাম্পত্য সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে মায়া, মমতা, দায়িত্ববোধ ও পরস্পরের প্রতি যতœশীলতা।
সুন্দর ভাষার চর্চা শুরু হওয়া উচিত দৈনন্দিন কথাবার্তা থেকে। স্বামী কর্মস্থল থেকে ফিরে এলে স্ত্রী তার খোঁজ নিতে পারেন। স্ত্রী সারাদিন সংসারের কাজ সামলালে স্বামী তার পরিশ্রমের প্রশংসা করতে পারেন। সামান্য সহযোগিতার জন্যও ধন্যবাদ দেওয়া যায়। ভুল হলে ক্ষমা চাওয়া এবং জীবনসঙ্গীর ভালো কাজের স্বীকৃতি দেওয়া উচিত। এসব ছোট ছোট আচরণ সম্পর্ককে আন্তরিক করে তোলে। ভালোবাসার কথা প্রকাশ করতে সংকোচ করা কিংবা প্রশংসা করতে কার্পণ্য করা উচিত নয়।
অন্যদিকে রাগের সময় ভাষা নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অনেক সময় সামান্য মতবিরোধ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক শুরু হয়। তখন একে অপরকে অপমান করা, গালাগাল করা, পুরনো ভুল সামনে আনা কিংবা পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করার প্রবণতা দেখা যায়। এসব আচরণ সমস্যার সমাধান করে না। বরং সম্পর্কের ক্ষত গভীর করে। তাই উত্তেজিত অবস্থায় কথা না বাড়িয়ে কিছু সময় নীরব থাকা, শান্ত হওয়ার পর নিজের বক্তব্য তুলে ধরা এবং অপর পক্ষের কথা মনোযোগ দিয়ে শোনা প্রয়োজন।
জীবনসঙ্গীকে অন্যের সঙ্গে তুলনা করাও পরিহার করা উচিত। অন্যের স্ত্রী কিংবা স্বামীর প্রশংসা করে নিজের জীবনসঙ্গীকে ছোট করা সম্পর্কের জন্য ক্ষতিকর। প্রত্যেক মানুষের স্বভাব, সামর্থ্য ও সীমাবদ্ধতা আলাদা। তাই একে অপরের দুর্বলতা নিয়ে বিদ্রুপ না করে ভালো দিকগুলোকে উৎসাহিত করতে হবে। বিশেষ করে সন্তান কিংবা আত্মীয়স্বজনের সামনে জীবনসঙ্গীকে অপমান করা থেকে বিরত থাকতে হবে। এতে পারিবারিক সম্মান ক্ষুণœ হয় এবং সন্তানদের মনেও নেতিবাচক প্রভাব পড়ে।
সুন্দর ভাষা ব্যবহারের দায়িত্ব স্বামী ও স্ত্রী উভয়ের। কেবল স্বামী স্ত্রীকে সম্মান করবেন, এমন নয়। স্ত্রীকেও স্বামীর সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। দুজনেরই উচিত একে অপরের কথা শোনা, অনুভূতি বোঝা এবং মতামতকে গুরুত্ব দেওয়া। কোনো বিষয়ে মতের অমিল হলে চিৎকার কিংবা অপমানের পরিবর্তে যুক্তি ও ধৈর্যের সঙ্গে কথা বলা প্রয়োজন। জীবনসঙ্গীর ব্যক্তিগত দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করাও গর্হিত কাজ।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মুমিনদের মধ্যে ইমানে সবচেয়ে পরিপূর্ণ সেই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে সুন্দর। আর তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার স্ত্রীর কাছে উত্তম।’ (তিরমিজি) এই হাদিসে স্ত্রীর সঙ্গে উত্তম আচরণকে একজন মুমিনের সুন্দর চরিত্রের গুরুত্বপূর্ণ পরিচয় হিসেবে তুলে ধরা হয়েছে।
দাম্পত্য জীবনের সুখ কেবল আর্থিক সচ্ছলতা কিংবা বাহ্যিক আয়োজনের ওপর নির্ভর করে না। পারস্পরিক সম্মান, বিশ্বাস, সহমর্মিতা ও সুন্দর কথাবার্তাও সুখী সংসারের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও জীবনসঙ্গীর সঙ্গে কিছু সময় আন্তরিকভাবে কথা বলা, তার কষ্টের কথা শোনা এবং ভালোবাসা প্রকাশ করা প্রয়োজন। মনে রাখতে হবে, মুখের একটি সুন্দর কথা সম্পর্ককে আরও দৃঢ় করতে পারে। আর একটি অসম্মানজনক বাক্য প্রিয় মানুষের হৃদয়ে দীর্ঘস্থায়ী কষ্ট তৈরি করতে পারে। ইসলামি আদর্শ অনুসরণ করে স্বামী-স্ত্রী পরস্পরের সঙ্গে কোমল ভাষায় কথা বললে সংসারে শান্তি, ভালোবাসা ও পারস্পরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
লেখক : মাদ্রাসাশিক্ষক ও প্রবন্ধকার