সৌদি বন্দরে হামলার দাবি হুতিদের

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। অন্যদিকে, লোহিত সাগর উপকূলের জেদ্দা বন্দরের কাছে একটি হুতি ড্রোন ধ্বংস করার দাবি করেছে হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। খবর : বিবিসি

ইয়েমেনের একটি বন্দরে সৌদি হামলার জবাবে হুতিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। এদিকে, দুবাইয়ের ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় একটি বিস্ফোরণের খবর পেয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও।

হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, জেদ্দা এবং জাজান বন্দরে তাদের চালানো হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের লোহিত সাগর উপকূলের হোদাইদাহ বন্দরে হামলা চালানোর কথা জানিয়েছিল। অন্যদিকে, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাজান বন্দরে এসে পড়ার বিষয়ে জানান সৌদি সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি। সামাজিক মাধ্যমে একটি পোস্টে এ বিষয়ে তিনি লিখেন, এ ঘটনায় সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক নিহত বা আহত হননি। নিক্ষেপ করা ওই বস্তুটির প্রকৃতি নির্ধারণের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

সৌদি সামরিক জোট এক বিবৃতিতে জানিয়েছে, জেদ্দা বন্দরের কাছে ড্রোনটি বিধ্বস্ত হলেও এর কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। হুতিরা এর আগে সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার এবং অর্থনৈতিকভাবে রিয়াদের গুরুত্বপূর্ণ জেলাকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছিল।

জেদ্দা বন্দর সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অন্যতম প্রধান বন্দর এবং এটি দেশের অভ্যন্তরে পণ্য ও কন্টেইনার চলাচলের একটি প্রধান কেন্দ্র।

এদিকে, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকেএমটিও জানিয়েছে যে, তারা সংযুক্ত আরব আমিরাতের জলসীমায়, দুবাইয়ের ৫০ নটিক্যাল মাইল পশ্চিমে একটি ঘটনার বার্তা পেয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত