শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন সরকার, মালিক ও শ্রমিকপক্ষের ধারাবাহিক আলোচনার মাধ্যমে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে চলমান বিরোধের সমাধান হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী শনিবার থেকে দেশের সব কলকারখানা স্বাভাবিকভাবে চালু হওয়ার প্রত্যাশা করছে সরকার। তবে শ্রমিক পরিচয়ে কেউ শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। শ্রমিক আন্দোলনে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আপনারা তাদের চিহ্নিত করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন। আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, গত ৩ বছরে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি গ্রেডভেদে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। বৈশ্বিক সংকট ও জ্বালানি চ্যালেঞ্জের মধ্যেও শ্রমিকদের মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব হয়েছে। নতুন মজুরি কাঠামোর পাশাপাশি শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার আরও বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
নতুন মজুরি কাঠামোর তথ্য তুলে ধরে তিনি বলেন, পোশাকশ্রমিকদের চারটি গ্রেডের মধ্যে তিনটিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে। চতুর্থ গ্রেডে শ্রমিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। পরে ভোটের মাধ্যমে দুই পক্ষের প্রস্তাবের মাঝামাঝি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডের নিম্নতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৫০০ টাকা হয়েছে। এতে বেড়েছে ৬ হাজার ৪৬৫ টাকা বা ৪৩ শতাংশ। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বেড়ে হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা বা ৪০ দশমিক ১২ শতাংশ। তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে ১৯ হাজার ২০০ টাকা হয়েছে। বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা বা ৪১ দশমিক ৭০ শতাংশ। আর চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। এ গ্রেডে বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাস শ্রমিক আন্দোলনের মধ্যে ষড়যন্ত্র খোঁজার প্রয়োজন নেই বলে মন্তব্য করেন। তিনি বলেন, আন্দোলনকে সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত রাখতে দায়িত্বশীল শ্রমিক নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক আন্দোলনে আনুষ্ঠানিক শ্রমিক সংগঠনগুলোর নিরঙ্কুশ নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়ায় কিছু ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। ভবিষ্যতে শ্রমিক আন্দোলনে নেতৃত্বের কার্যকর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, ‘যে আন্দোলন আমি ঘোষণা করব, যে আন্দোলন আমি সমর্থন দেব, সেই আন্দোলন আমি থামাতে পারব না এটা একটা দৈন্যতা।’ শ্রমিক আন্দোলন সুশৃঙ্খল হলে সংখ্যাগরিষ্ঠ শ্রমিক উপকৃত হবেন। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, বর্তমান আয় দিয়ে অনেক শ্রমিকের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও জ্বালানির খরচ বেড়েছে। শুধু মজুরি বাড়িয়ে শ্রমিকদের জীবনমান উন্নয়ন সম্ভব নয়। বেতন-বোনাসের বাইরেও সামাজিক সুরক্ষা ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি জানান, শিল্পঘন সাতটি অঞ্চলে বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতি রয়েছে। এ ছাড়া শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে ৬০টি স্থানে শ্রমিকরা ন্যায্যমূল্যে খাদ্যপণ্য পাচ্ছেন। শিল্পাঞ্চলে বাড়িভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি ঠেকাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।
শ্রমিকপক্ষের প্রতিনিধি, শ্রমিক নেতা বাবুল আক্তার এই প্রক্রিয়ায় মজুরি নির্ধারণের জন্য সরকার ও মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘সাত-আট দফা আলোচনার পর গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাভুটির মাধ্যমে ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়েছে, যা আমরা সর্বসম্মতভাবে মেনে নিয়েছি।’ নতুন মজুরি কাঠামো নিয়ে গুজব ও বিভ্রান্তিতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে শ্রমিকদের বেতন অন্তত ২ হাজার টাকা থেকে ৫-৬ হাজার টাকা পর্যন্ত বাড়বে। পাশাপাশি পুরনো শ্রমিকদের মধ্যে বিদ্যমান গ্রেড বৈষম্যও দূর হবে।’ তবে মজুরি আন্দোলনের ঘটনায় গ্রেপ্তার শ্রমিক ও নেতাদের অবিলম্বে মুক্তি এবং প্রতি বছর মজুরি সমন্বয়ের একটি স্থায়ী পদ্ধতি চালুর দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এবিএম সামছুদ্দিন মাহমুদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
গতকালও অবরোধ, বিক্ষোভ ছিল : তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো ঘোষণার পরও গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।
পুলিশ ও প্রতিনিধিদের পাঠনো তথ্যে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শ্রমিক। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে পুলিশের একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়। শিণ্প পুলিশের এক সদস্যকেও অবরুদ্ধ করে রাখা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকায় শ্রমিকদের বিক্ষোভে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও শিণ্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও ধাওয়া দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। দুপুর ১২টার পর ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, উত্তেজনার কারণে বৃহস্পতিবারের জন্য ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
বিএনপির উদ্যোগে মতবিনিময় : শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে ও শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গাজীপুরের কালিয়াকৈরে প্রশাসন ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে বাড়ির মালিক, শ্রমিক প্রতিনিধি ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা হয়। সভায় শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাড়িভাড়া না বাড়ানোর বিষয়ে বাড়ির মালিকদের অনুরোধ জানানো হয়।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শ্রমিকদের মজুরি বৃদ্ধির পাশাপাশি বাড়িভাড়া না বাড়ানোর বিষয়টি প্রচার করা হবে।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমানের নেতৃত্বে চন্দ্রা এলাকায় আলোচনা সভা করেছে স্থানীয় বিএনপি। সেখানে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো মেনে কাজে ফেরার আহ্বান জানানো হয়। পাশাপাশি নাশকতা ও ভাঙচুর ঠেকাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কালিয়াকৈরের সাতটি এলাকায় নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সাভার ও আশুলিয়া শান্ত : সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা স্বাভাবিকভাবে কারখানায় কাজে যোগ দিয়েছেন। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার সামনে পুলিশ মোতায়েনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে বিজিবির টহল ছিল।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিয়েছেন। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে শ্রম আইন অনুযায়ী একটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ১০টি কারখানা বন্ধ রয়েছে।