শিক্ষামন্ত্রী ক্লাসে ঢুকে দেখলেন শিক্ষার্থী মাত্র একজন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ এএম

রাজশাহীর পুঠিয়ার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। গতকাল বৃহস্পতিবার রাজশাহী থেকে নাটোর যাওয়ার পথে কলেজটি পরিদর্শন করেন তিনি। বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখার সময় কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম দেখতে পান তিনি। একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী দেখে চমকে ওঠেন। কলেজের শিক্ষকরা মন্ত্রীকে বলেন, অনেক চেষ্টা করেও তারা শিক্ষার্থী উপস্থিতি বাড়াতে পারছেন না। শিক্ষামন্ত্রী এ সময় শিক্ষকদের এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন। নাটোরের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে বিমানযোগে গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছেন শিক্ষামন্ত্রী। বেলা ১১টার দিকে তিনি বিমানবন্দরে নামেন। সেখান থেকে সড়কপথে নাটোরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পুঠিয়ার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শন করেন। প্রায় ২০ মিনিট তিনি ওই কলেজে অবস্থান করেন।

শিক্ষামন্ত্রী কলেজের নিচতলা থেকে চারতলা পর্যন্ত বিভিন্ন শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীদের উপস্থিতি দেখেন। এ সময় একটি শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান। অন্য শ্রেণিকক্ষগুলোতেও শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই কম।

শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষকের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান মন্ত্রী। ওই শিক্ষক জানান, মোট শিক্ষার্থী ১৫ জন, শ্রেণিকক্ষে একজন ছাত্রী রয়েছে। অন্যরা আসে না কেন? জানতে চাইলে ওই শিক্ষক বলেন, আসে না। আজকে মাত্র একজন এসেছে।

অন্যান্য শ্রেণিকক্ষেও শিক্ষার্থীদের অনুপস্থিতি দেখে প্রশ্ন তোলেন মন্ত্রী। তিনি জানতে চানকেন কলেজে আসে না শিক্ষার্থী? একজন শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা হয়তো বাইরে থাকে। শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহার কথা স্বীকার করেন ওই শিক্ষক। এমনকি শিক্ষার্থীদের ক্লাসে ডাকতে হয় বলেও জানান একজন শিক্ষক।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, তাদের কলেজে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান করা হয়। একাদশ শ্রেণিতে ৬৯ জন এবং দ্বাদশ শ্রেণিতে ১৬৮ শিক্ষার্থী রয়েছে। গার্হস্থ্যবিজ্ঞান ক্লাসে ১৫-২০ শিক্ষার্থীর মধ্যে একজন ছাত্রী উপস্থিত ছিল। তবে সব মিলিয়ে কলেজে ৬০-৬৫ শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানান তিনি।

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আনতে তারা বিভিন্নভাবে চেষ্টা করেও সফল হচ্ছেন না। বিষয়টি মন্ত্রীকে জানানো হয়েছে। পরিদর্শন শেষে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কলেজ পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি নজরদারিতে রাখার জন্য তাৎক্ষণিকভাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দেন।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুও উপস্থিত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক সাদিকুল ইসলাম বলেন, শিক্ষামন্ত্রীর মূল অনুষ্ঠান ছিল নাটোরের একটি কলেজে। তিনি রাজশাহী থেকে সড়কপথে যাওয়ার সময় পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত