পর্যটন নগরী মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিখ্যাত সাত লেয়ারের চা এখন আর সাত লেয়ারে সীমাবদ্ধ নেই। একই গ্লাসে সাত রঙের চায়ের স্বাদ ও সৌন্দর্যে পর্যটকদের মুগ্ধ করার পর এবার ১০ লেয়ারের চা তৈরি করছেন এর উদ্ভাবক রমেশ রাম গৌড়। তার হাতের জাদুতে এক গ্লাসে যুক্ত হয়েছে আরও তিনটি স্তর। দীর্ঘদিনের পরিচিত সাত লেয়ারের চায়ের নতুন এই সংস্করণ শ্রীমঙ্গলের পর্যটন আকর্ষণে নতুন মাত্রা যোগ করেছে।
এক গ্লাসে সাত স্তরের বা লেয়ারের চায়ের উদ্ভাবক দেশের কোনো বিশিষ্ট গবেষক নন, তিনি সাধারণ এক ক্ষুদ্র ব্যবসায়ী। সাধারণ থেকে অসাধারণ ব্যক্তি হয়ে ওঠা সাত লেয়ারের চায়ের আবিষ্কারক হলেন রমেশ রাম গৌড়। তার মূল বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত আটানি বাজার এলাকায়। তিনি প্রায় ২৬ বছর সপরিবারে শ্রীমঙ্গল উপজেলায় স্থায়ীভাবে বসবাস করছেন। শ্রীমঙ্গল শহরতলির রামনগর (মণিপুরী পাড়া) এলাকায় চা-বাগানের কোল ঘেঁষে গড়ে তুলেছেন ‘নীলকণ্ঠ চা কেবিন’ নামের একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি আজ দেশ-বিদেশে শ্রীমঙ্গলের সুনামকে বয়ে নিয়ে চলেছে। এছাড়া শ্রীমঙ্গলের পর্যটন গ্রাম খ্যাত রাধানগরে আরও একটি প্রতিষ্ঠান নির্মাণাধীন।
সাত লেয়ারের চায়ের উদ্ভাবক রমেশ রাম গৌড় তার সংগ্রামী জীবনের গল্প শুনালেন দৈনিক দেশ রূপান্তরকে। প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি নিজে একই গ্লাসের সাত লেয়ারের চায়ের উদ্ভাবক। ইদানীং আমি লেয়ার বাড়িয়েছি। বর্তমানে এক গ্লাসে দশ লেয়ার পর্যন্ত তৈরি করছি। তবে একে-একে সাত লেয়ারে উন্নীত করার পর প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে ব্যাপক পরিচিতি লাভ করে। তাই সবাই আমার প্রতিষ্ঠান চেনেন সাত লেয়ারের চায়ের দোকান নামেই।’
তিনি বলেন, ‘আমি একসময় খুবই ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম। সে সময়ে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার আটানি বাজারে অপর এক ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে অংশীদারত্বে ব্যবসা করেছি। কিন্তু আমার অপর অংশীদার ব্যবসার পুরো টাকা আত্মসাৎ করে আমাকে অনেকটা পথে বসিয়ে দেয়। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে আমি চোখে সর্ষেফুল দেখছিলাম। ২০০০ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে ভাগ্যান্বেষণে আমি সপরিবারে মাত্র দেড় হাজার টাকা পকেটে নিয়ে শ্রীমঙ্গলে আসি। শ্রীমঙ্গলে আসার পর ৬ নম্বর আশীদ্রোন ইউনিয়নের রামনগর মণিপুরী পাড়ায় একটি বাসা ভাড়া নিয়ে শহরের নতুন বাজারে একটি দোকানে চাকরি শুরু করি। কিন্তু চাকরি করলেও আমার মন কেন জানি সায় দিচ্ছিল না। এছাড়া ওই চাকরির বেতন দিয়ে বাসা ভাড়া ও পরিবারের ভরণপোষণের খরচ জোগানো কঠিন থেকে কঠিনতর হয়ে পড়ে। তাই নিজে কিছু একটা করার তাড়না অনুভব করি।’
কষ্টের অনুভূতি প্রকাশ করে তিনি আরও বলেন, ‘মাত্র সাড়ে তিন মাস চাকরি করার পর ওই বছরের আগস্ট মাসে চাকরি ছেড়ে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন কাকিয়াছড়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছোট বাজারে ক্ষুদ্র পরিসরে একটি চায়ের দোকান খুলে বসি। সে সময়টা কেটেছে অনেক কষ্টে। যেহেতু দুধ চা, রং চা ইত্যাদি সর্বত্র পাওয়া যায়, ফলে আমি বিকল্প কিছু করার চিন্তা করি। এক সময় চিন্তা, মনন আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ২০০২ সালে আবিষ্কার করি একই গ্লাসের দুই লেয়ারের বা দুই রঙের চা, যা সেই সময়ে সর্বত্র আলোচিত হয়ে ওঠে। এ চায়ের সুনাম ছড়িয়ে পড়ে সর্বত্র। বাড়তে থাকে আমার চায়ের ক্রেতা। এমনও সময় গেছে যে, দিনে-রাতে ২৪ ঘণ্টাই দুই রঙের চা বানাতে হয়েছে আমাকে। এক ঘণ্টাও ফুরসত পাইনি। দুই রঙের চা আবিষ্কারের পর আমার নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। ধীরে ধীরে চায়ের স্তর বাড়াতে শুরু করি, যা বর্তমানে দশ স্তরে বা দশ রঙে এসে দাঁড়িয়েছে। তবে সাত রঙের চায়ের নাম-ডাকই বেশি।’
এক গ্লাসে বহু লেয়ারের চা তৈরির উপাদান সম্পর্কে রমেশ রামগৌড় বলেন, ‘বাজারের বাছাই করা ক্লোন টি ও বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করে এ চা তৈরি করি। বর্তমানে আমার দোকানে দশ লেয়ার চা ১০৫ টাকা, নয় লেয়ারের চা ৯০ টাকা, আট লেয়ারের চা ৮৫ টাকা, সাত লেয়ারের চা ৭৫ টাকা, ছয় লেয়ারের চা ৬০ টাকা, পাঁচ লেয়ারের চা ৫০ টাকা, চার লেয়ারের চা ৪০ টাকা, তিন লেয়ারের চা ৩০ টাকা, দুই লেয়ারের চা ২০ টাকা প্রতি গ্লাস হিসেবে বিক্রি হচ্ছে। এসব চা ছাড়াও আমার দোকানে হাই স্পেশাল চা ৫০ টাকা, মালাই চা ৩০ টাকা, মাল্টা চা ৩০ টাকা, পাতা চা ২০ টাকা, স্পেশাল দুধ চা ২০ টাকা, গ্রিন চা ২০ টাকা, সাদা চা ২০ টাকা, আদা চা ১০ টাকা, লাল চা ১০ টাকা, লেবু চা ১০ টাকা কাপ বিক্রি হচ্ছে। বর্তমানে আমার আদি নীলকণ্ঠ টি কেবিন নামে একটি দোকান রয়েছে। এর আগে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ক্যান্টিনে নীলকণ্ঠ টি কেবিন নামে আমার আরেকটি দোকান ছিল। নানা কারণে এটি বন্ধ রয়েছে। বর্তমানে বয়সের কারণে আমি সব সময় দোকানে সময় দিতে পারি না। তাই রামনগর মণিপুরী পাড়ার আদি নীলকণ্ঠ টি কেবিনটি পরিচালনা করছে আমার ছেলে রাজিব রাম গৌড়। সে আমার কাছ থেকে এক গ্লাসে একাধিক লেয়ারের চা তৈরির কলাকৌশল রপ্ত করেছে। আরেকটি দোকান করছি, শ্রীমঙ্গলের পর্যটন গ্রাম হিসেবে পরিচিত রাধানগর এলাকায়। আগামী মাসের দিকে ওই দোকানটি উদ্বোধন হবে বলে আশা করছি।’