সচিবালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ এএম

শেখ হাসিনার দেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ নয়, বরং বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এখন দিল্লির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে শেখ হাসিনা একটি সমস্যা হয়ে উঠেছেন, তা ভারতও বুঝতে পারছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার ‘পাগলামি’ নিয়ে ভারতও বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছে।

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে হুমায়ুন কবির বলেন, তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারিতে দেশে আনা হবে। প্রত্যর্পণ চুক্তিতে অপরাধীদের ফেরত পাঠানোর সুনির্দিষ্ট বিধান রয়েছে, শেখ হাসিনার ক্ষেত্রে সেটিই প্রযোজ্য।

ভারতের ভূখণ্ডে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একজনকে বাড়িতে আমন্ত্রণ জানানোর পর তার আচরণের কারণে তাকে বেরও করতে না পারা, আবার সহ্যও করতে হওয়া এটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে মৃত্যুদণ্ড দেয়।

শেখ হাসিনার পরিবার, দল ও সন্ত্রাসীদের বাংলাদেশে কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

দেশে ফিরতে শেখ হাসিনার রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের উড়োজাহাজ চাওয়া এবং প্রতিক্রিয়ায় তাকে হাতকড়া পরিয়ে ফিরিয়ে আনা হবে বলে সরকারের পক্ষ থেকে দেওয়া বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণবিষয় বলে গতকাল নয়াদিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্তব্য করেন ভারতের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, প্রত্যর্পণ চুক্তিতে অপরাধীদের ফেরত পাঠানোর বিষয়ে সুনির্দিষ্ট বিধান রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে সেই বিধানই প্রযোজ্য।

তিনি বলেন, ‘ভারতের পক্ষ থেকেও এখন উপলব্ধি করা যাচ্ছে যে, একজন সন্ত্রাসীকে নিজেদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার চ্যালেঞ্জ ও অসুবিধাগুলো কী। আপনি যদি আপনার বাড়িতে একজনকে আমন্ত্রণ জানান, পরে দেখেন তিনি সেখানে ঢুকে এমন পাগলামি করছেন, উল্টাপাল্টা কথাবার্তা বলছেন যে তাকে বেরও করতে পারছেন না, আবার সহ্যও করতে হচ্ছে। বিষয়টি একটি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়েছে।’

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ভারতের মুখপাত্রের বক্তব্য মনোযোগ দিয়ে শুনলে বোঝা যায়, সেখানে অপরাধীদের জন্য একটি নীতি রয়েছে, আর সাধারণ নাগরিকদের জন্য রয়েছে আরেকটি নীতি। শেখ হাসিনা অপরাধীদের শ্রেণিতে পড়েন এবং প্রত্যর্পণই তাকে দেশে ফেরানোর একমাত্র পথ। তিনি নিজে ফিরে আসবেন, বিষয়টি এমন নয়; বরং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত