তিন জেলায় নাশকতা, কারাগার ফটকে ককটেল বিস্ফোরণ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ এএম

দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবারও নাশকতার ঘটনা ঘটেছে। এদিন কুষ্টিয়ায় জেলা কারাগারের সামনের ফটকে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এছাড়া নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতার বাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি চট্টগ্রামের হালিশহরে পুলিশ বক্সে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিনিধিদের পাঠানো খবর

কুষ্টিয়া : কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মোটরসাইকেলযোগে আসা তিন দুর্বৃত্ত সড়কের ওপর থেকে কারাগারের গেইটে বোমাটি নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে কারা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরের দিকে একটি মোটরসাইকেলে তিন দুর্বৃত্ত কারাগারের সামনে আসে। এ সময় তারা সড়কের ওপর থেকে কারাগারের প্রধান ফটক লক্ষ্য করে একটি ককটেল বোমা নিক্ষেপ করে। বোমাটি ঘটনাস্থলে বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। এসব ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি জাকির হোসেন।

নেত্রকোনা : এদিকে নেত্রকোনায় এবার জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে নেত্রকোনা ৯ নম্বর পৌরসভার ওয়ার্ডের হোসেনপুর পারলা এলাকায় এনসিপি নেতা ফাহিম রহমান খান পাঠানের বাড়িতে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল ভোর ৪টার দিকে ফাহিমের বাড়ির সামনের বারান্দায় টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। টের পেয়ে বাড়ির লোকেরা বালতিতে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বারান্দায় থাকা প্লাস্টিকের জুতার শেলফ ও বাইরে রাখা একটি ব্যানার ফেস্টুন আগুনে পুড়ে যায়।

ফাহিম রহমান খান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, আগুনে তার বাড়ির বারান্দায় রাখা সব আসবাবপত্র পুড়ে গেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই আগুন দিয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।

এ ব্যাপারে সদরের মডেল থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ দায়ের করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় একটি পুলিশ বক্সে দুর্বৃত্তরা আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। আগুনে পুলিশ বক্সের জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ধোঁয়ার কারণে বক্সের ভেতর ও বাইরের দেয়ালে পোড়া দাগ পড়েছে।

পুলিশ জানায়, ভোর ৪টার দিকে বড়পোল এলাকার পুলিশ বক্সটির জানালার বাইরে থেকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে জানালার একটি অংশে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়ায় বক্সের দেয়াল কালো হয়ে গেলেও দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়ে হালিশহর থানার ওসি জয়নাল আবেদীন ম-ল বলেন, আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

সর্বশেষ সর্বাধিক পঠিত