সাবেক এমপি আনারের মেয়ে ডরিন তিন দিনের রিমান্ডে

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০২:১১ এএম

রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার একটি আদালত তাকে রিমান্ডে পাঠায়। তার বিরুদ্ধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

গতকাল বিকেলে তাকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

গত বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আনোয়ারুল আজীমের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রিমান্ড আবেদনে বলা হয়েছে, ডরিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য ও সমর্থক। মামলার আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে তিনি দেশের সার্বভৌমত্বে আঘাত, মানুষের জানমালের নিরাপত্তা বিঘœ ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী কার্যকলাপে অংশ নিয়েছেন।

আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন। অজ্ঞাতনামা পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার ও মামলার সুষ্ঠু তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে ডরিনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সর্বশেষ সর্বাধিক পঠিত