বলিউডে মুক্তি পেল আয়ুষ্মান খুরানা ও শারভারির নতুন সিনেমা ‘ইয়ে প্রেম মোল লিয়া’। ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে এসেছে সুরজ আর বর্জাতিয়া পরিচালিত রোমান্টিক পারিবারিক ঘরানার সিনেমাটি। এতে প্রথমবার জুটি বেঁধেছেন আয়ুষ্মান ও শারভারি। রাজশ্রী প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটিতে উঠে এসেছে ভালোবাসা, পারিবারিক দায়িত্ব ও সামাজিক রীতির ভিন্ন এক গল্প।
সিনেমায় প্রেম মিশ্র চরিত্রে অভিনয় করেছেন আয়ুষ্মান। তিনি একজন সংগীতশিল্পী হওয়ার স্বপ্ন দেখেন। অন্যদিকে শারভারি অভিনয় করেছেন পূর্বা সোলাঙ্কি চরিত্রে। পূর্বা একজন সাংবাদিক। পরিবারের ছয় নারীর দায়িত্ব তার কাঁধে। প্রেম ও পূর্বার বিয়ের পর তৈরি হয় নতুন পরিস্থিতি। পূর্বা নিজের পরিবার ছেড়ে যেতে চান না। তাই প্রেম নিজের পরিবারকে নিয়ে স্ত্রীর বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত ঘিরেই দুই পরিবারের মধ্যে শুরু হয় নানা টানাপড়েন।
পরিচালক সুরজ আর বর্জাতিয়া জানিয়েছেন, রাজস্থানের বিয়ের একটি প্রচলিত রীতি থেকে সিনেমাটির গল্পের ভাবনা এসেছে। সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের, সীমা পাহওয়া, সুপ্রিয়া পাঠক ও স্বানন্দ কিরকিরে। সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া।